• ভ্যাপসা গরম নাকি ঝমঝমিয়ে বৃষ্টি? ঘনঘন ‘মুড সুইং’ আবহাওয়ার, কী জানাচ্ছে হাওয়া অফিস?
    এই সময় | ১১ মার্চ ২০২৬
  • বৃষ্টির ভ্রুকুটি কমতেই রাজ্যে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত কিছুটা খামখেয়ালি থাকতে পারে। ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন পরিবর্তন না হলেও পরবর্তী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অস্বস্তিকর গরম দীর্ঘস্থায়ী হবে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ফের কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ কোনও রদবদল হবে না তাপমাত্রার।

    বুধবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার হলেও তেমন ভাবে বৃষ্টি হয়নি কোথাও। তবে বিকেল বা সন্ধ্যায় শহরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহ জুড়ে আপাতত বঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ভোরের দিকে আবহাওয়া থাকবে বেশ মনোরম। দিনে বা রাতে কখনও কখনও ঝোড়ো হাওয়া বইতে পারে।

    তবে চাষিদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। যে সমস্ত জমিতে আলু জমি থেকে তুলে নেওয়ার উপযুক্ত হয়েছে, সেখান থেকে দ্রুত ফসল তুলে গুদামে মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। না হলে হঠাৎ বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হলে সাধারণ মানুষকে খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)