হুড়মুড়িয়ে ধসে পড়ল 'সাইড ওয়াল'! বন্ধ যান চলাচল
আজকাল | ১১ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সড়কের 'সাইড ওয়াল' ধসে পড়ে বিপত্তি। এর জেরে পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনে আপাতত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সার্ভিস রোড দিয়ে যানবাহন চলাচল হচ্ছে।
জানা গিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সরডাঙা এলাকায় হঠাৎ করেই বর্ধমানমুখী লেনের ধারের সাইড ওয়ালের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে ওই লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন।
স্থানীয় বাসিন্দা শেখ মিলন জানান, দিনের বেলায় এই ঘটনা ঘটায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তাঁর কথায়, “রাতে এই ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।”
এলাকার বাসিন্দাদের দাবি, মাত্র প্রায় দশ মাস আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তার মধ্যেই এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দ্রুত মেরামতির কাজ শুরু করে স্বাভাবিক যান চলাচল চালু করার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে এবং রাতে, সবসময়ই রাস্তায় ভিড় লেগেই থাকে।