বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্রীঘরে ঠাঁই পাত্রের। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল।নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের ঘোলা শিবনগর এলাকায়। বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাজির হয় বিয়ের আসরে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় পাত্রকে।
পুলিশ সূত্রে খবর, পাত্র অভিজিতের বাড়ি বারুইপুরের টগরবেড়িয়া এলাকায়। পাত্রী বিধাননগর এলাকার বাসিন্দা। দীর্ঘদিনের প্রেম ছিল দু’জনের। কিন্তু নাবালিকা পাত্রীর বাড়ি থেকে দু’জনের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। সেই কারণে বাড়ি থেকে পালিয়ে বারুইপুরে চলে আসে ওই নাবালিকা।
এর পর দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন। অভিজিতের মামার বাড়িতে বসেছিল বিয়ের আসর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যার জেরেই ভেস্তে যায় বিয়ে এবং অভিযুক্ত পাত্রকে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ওই নাবালিকা কাউকে না জানিয়েই বিয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিল।
সরকারি নিয়ম অনুযায়ী, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে আইনত অপরাধ। বিষয়টি জানার পরেও কী ভাবে নাবালিকাকে বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিজিৎ, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়াও, খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় কারও মদত রয়েছে কি না। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।