শহরের প্রবীণ নাগরিকদের সুবিধায় কলকাতা পুলিশের (Kolkata Police) বিশেষ উদ্যোগ ‘প্রণাম’। গত দুই দশক ধরে কলকাতা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চালিয়ে আসছে। এই কর্মসূচির সুবিধা কী ভাবে পাওয়া যাবে, তা নিয়ে শহরবাসীর একাংশের একাধিক প্রশ্ন রয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিশেষ কিছু শর্ত মানলেই এই কর্মসূচির সদস্য হওয়া যাবে সহজেই। জানেন কী কী শর্ত মানতে হবে?
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সি যে কোনও নাগরিক এই কর্মসূচির সুবিধা পাবেন। তবে আবেদনকারীকে কলকাতা পুলিশ এলাকার বাসিন্দা হতে হবে। এ ছাড়াও, আবেদনকারী বাড়িতে একা বা কেবল স্বামী/স্ত্রীর সঙ্গে থাকেন, এমন হওয়া জরুরি।
প্রণাম-এর কর্মসূচিতে আগ্রহী ব্যক্তিরা নিজ নিজ এলাকার থানা থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে। সেই ফর্ম পূরণ করে আবার থানায় গিয়েই জমা দিতে হবে। এ ছাড়া অনলাইনেও আবেদনের সুবিধা রয়েছে। এর জন্য pronam.kolkatapolice.org অথবা https://pronam.co.in/ পোর্টালে গিয়ে সরাসরি নাম নথিভুক্ত করতে হবে। অনলাইনে করা আবেদনগুলি সংশ্লিষ্ট থানার মাধ্যমে যাচাই করার পরেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।