আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে একের পর এক ইস্যু। টানা পাঁচদিন ধরনার পর, এবার ফের রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। মিছিলে হাঁটবেন খোদ মমতা ব্যানার্জি। দলীয় সূত্রে খবর তেমনটাই। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানি সঙ্কট নিয়ে ধরনা মঞ্চ থেকেই সরব হয়েছিলেন মমতা ব্যানার্জি। তাঁর দলের মহিলা নেত্রীরা মিছিল করেন। বুধবারেও দফায় দফায় তিনি সরব হয়েছেন। মিটিং করেছেন। বৈঠক রয়েছে বৃহস্পতিবারেও।
বুধবার সকালে একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশ জুড়ে তৈরি হওয়া এলপিজির আকাল নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি দু’টি গ্যাস বুকিংয়ের মধ্যে ব্যবধান বাড়িয়ে ২৫ দিন করেছে কেন্দ্র। সেই প্রসঙ্গে তিনি বলেন, “ কেন কেন্দ্র বলে দিল ২৫ দিন না হলে গ্যাস পাবে না? পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে দাবি, এসআইআরের দিকে না তাকিয়ে, গ্যাসের সমস্যা মেটান। অটো, আইসিডিএস, মিড ডে মিল, বাড়ির রান্নার গ্যাস, ছোটখাটো রেস্তরাঁর সমস্যা মেটাতে হবে। আগে মানুষের কথা ভাবা দরকার। এটা কেন্দ্রের হাতে। আমরা চাই, দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক।”