• গ্যাসে টান, আর্সালান-দাদা বৌদিতে কমছে বিরিয়ানি, চিন্তায় মালিকরা
    আজ তক | ১২ মার্চ ২০২৬
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সংকটে বিশ্বের জ্বালানি বাজার। হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাব পড়েছে ভারতের উপরেও। মুম্বই, চেন্নাইয়ের মতো শহরে LPG সংকটের জেরে আগেই ২০ শতাংশ রেস্তোরাঁ বন্ধের পথে হেঁটেছিল। কিন্তু কলকাতায় অবস্থা কেমন? শহরতলিতেও বড় বড় রেস্তোরাঁয় কি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অভাব রয়েছে? খোঁজ নিল bangla.aajtak.in।

    আর্সালান বিরিয়ানি: 

    কলকাতার মধ্যে পার্কসার্কাসে রয়েছে আর্সালান বিরিয়ানির মূল ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের ম্যানেজার মোজাম্বিল হক bangla.aajtak.in-কে জানালেন, "কলকাতা ও শহরতলি মিলে তাঁদের মোট ১২টি ব্রাঞ্চ রয়েছে। এই ব্রাঞ্চগুলিতে প্রতিদিন মোট ৬০-৭০টি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। কিন্তু আজ, বুধবার কোনও গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি। কোনও রকমের ছোট ছোট ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে ২০-৩০টি সিলিন্ডার সংগ্রহ করা গিয়েছে।"

    তিনি বলেন, "আপাতত বিকল্প হিসেবে আমরা কাঠকয়লা ও সাধারণ কাঠের দিকে ঝুঁকছি। কিন্তু কলকাতায় কাঠকয়লা নিষিদ্ধ। সেক্ষেত্রে শহরতলি থেকে রান্না করে পার্কসার্কাসে আনানোর ব্যবস্থা করা হয়েছে। তবে যদি এই সমস্যা চলতে থাকে সেক্ষেত্রে দোকান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না অথবা শুধুমাত্র বিরিয়ানি রান্না করে আনুষঙ্গিক ডিশ কমিয়ে দিতে হবে।"

    দাদা বৌদি বিরিয়ানি:

    একই কথা ধরা পড়েছে শহরতলির প্রসিদ্ধ বিরিয়ানির দোকান 'দাদা বৌদি বিরিয়ানি'র অন্যতম কর্ণধার রাজীব সাহার গলাতেও। bangla.aajtak. in-কে তিনি জানিয়েছেন "গ্যাস ডিস্ট্রিবিউটার আজ অল্প পরিমাণে সিলিন্ডার দিলেও দু'দিন পর থেকেই আর দিতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। গ্যাস না পাওয়া গেলে পুরনো দিনের মতো কাঠের আগুনেই বিরিয়ানি করতে হবে।" এক্ষেত্রে প্লেট প্রতি বিরিয়ানির দাম কিছুটা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

    জমজম বিরিয়ানি:

    কলকাতার সুপ্রসিদ্ধ অপর একটি বিরিয়ানি হল জমজম বিরিয়ানি। এই সংস্থার পার্কসার্কাস ব্রাঞ্চের ম্য়ানেজার শাহ বাবর বলেন, "LPG সিলিন্ডারের সঙ্কট রয়েছে। আগে যেখানে প্রতিদিন এই ব্রাঞ্চে ৩টি করে সিলিন্ডার লাগত সেখানে গতকাল ও আজ দুটি করে সিলিন্ডার পাওয়া গিয়েছে। যদি এমন অবস্থা চলতে থাকে, তাহলে অনেক কম পরিমাণে বিরিয়ানি রান্না করতে হবে।" 

    শহরের নানা বিরিয়ানির দোকানের দেওয়া তথ্য থেকে স্পষ্ট কলকাতায় কমার্শিয়াল LPG সিলিন্ডারের সংকটের প্রভাব রয়েছে। বেশ কিছু দোকানিরা সামান্য সংখ্যক সিলিন্ডার হাতে পেলেও, বেশ কয়েকটি নামি বিরিয়ানি সংস্থা আবার সিলিন্ডার পাচ্ছেন না বলেও দাবি করেছেন। সব মিলিয়ে, ইরান যুদ্ধের আঁচ পড়েছে কলকাতার বিরিয়ানি সাম্রাজ্যেও। এমনকি যত দিন গড়াবে, তত পরিস্থিতি আরও বিগড়োনোর আশঙ্কাও রয়েছে প্রবল।  
  • Link to this news (আজ তক)