পঞ্চায়েত ভবনের চূড়ার অংশ ভেঙে পড়ে আহত হলেন দুই মহিলা। বুধবার দুপুরে আমতা দুই নম্বর ব্লকের অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আহতদের একজনের মাথা ফেটেছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুর্ঘটনার পরে দু’জনকে দ্রুত জয়পুরে বিবি ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আর একজনকে ভর্তি রাখা হয়েছে।
ঘড়িতে তখন বাজে প্রায় সাড়ে ১২টা। পঞ্চায়েত অফিসে কাজের জন্য এসেছিলেন বেশ কয়েকজন। বুধবার ওই সময়ে ২টি হনুমান এসে হঠাৎ লাফালাফি শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই পঞ্চায়েতের ভবনটি বহু পুরোনো। এমনিতেই ভাঙাচোরা অবস্থায় ছিল। তার উপর হনুমানের দাপটে চূড়া থেকে বেশ কয়েকটি চাঙড় ভেঙে পড়ে।
একটি ইটের টুকরো এসে পড়ে এক মহিলার পায়ের উপর। অন্য একটি ইটের টুকরো এসে পড়ে এক মহিলার মাথায়। সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় তাঁর। হাসপাতাল সূত্রে খবর ওই মহিলার আঘাত যথেষ্ট গুরুতর। তিনি জয়পুর বিবি ধর হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েতের প্রধান মুন্না দলুই বলেন, ‘ভবনের চূড়ার ওই অংশটা খুবই দুর্বল ছিল, ওই কারণে এমন ঘটনা ঘটেছে। কী ভাবে সংস্কার করা যায় সেটা আমরা প্রশাসনিকভাবে দেখছি।’