অল্পের জন্য প্রাণ রক্ষা হলো জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah)। জম্মুর একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) সভাপতি ফারুক আবদুল্লা। সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই ঘটনায় সামান্য আহত হয়েছেন জম্মু-কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী( Deputy Chief Minister Surinder Choudhary)। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কমল সিং জামওয়ালকে। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ।
অল্পের জন্য বেঁচে গিয়েছেন তাঁর বাবা বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। ফারুক আবদুল্লা Z+ নিরাপত্তা পান। তাঁকে ঘিরে থাকেন NSG জওয়ানরা। এত নিরাপত্তার মধ্যে কী ভাবে এক জন আগ্নেয়াস্ত্র-সহ তাঁর কাছে চলে যেতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
বুধবার রাতে, জম্মুর (Jammu) গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ে বাড়িতে (wedding function) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লা। সেখানেই লোডেড পিস্তল নিয়ে ঢুকে পড়েন কমল সিং জামওয়াল। জানা গিয়েছে, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। তবে তাতে আহত হননি ফারুক আবদুল্লা। সুরিন্দর চৌধুরীর অল্পবিস্তর স্প্লিন্টার ইনজুরি হয়েছে। সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন অভিযুক্ত ব্যক্তিকে। তার আগেই ওই ব্যক্তিকে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে ৮৪ বছর বয়সি ফারুক আবদুল্লাকে আক্রমণ করা হয় তা এখনও স্পষ্ট নয়।
এই নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। জেরা করা হচ্ছে অভিযুক্তকেও। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি জম্মুর বাসিন্দা এবং তিনি মাইনিং শিল্পের সঙ্গে যুক্ত।
ওই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি-ও। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তাতেই হামলার কারণ জানা যাবে।
ঘটনার নিন্দা করেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস (Congress) নেতা তারিক হামিদ কাররা। প্রশ্ন তুলেছেন খোদ ওমর আবদুল্লাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ সরকারি আধিকারিকরা যেখানে হাজির থাকেন সেখানে কী ভাবে এক জন ব্যক্তি অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলা উচিত বলে জানিয়েছেন তিনি।
ন্যাশনাল কনফারেন্স দলের মুখপাত্র তানভির সাদিক জানিয়েছেন, ঘটনার পরেই তিনি কথা বলেছেন ফারুক আবদুল্লার সঙ্গে। তিনি সুস্থ এবং নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তানভির।