• ব্যক্তিগত আক্রোশ মেটাতে অপেক্ষা ২০ বছর, দাবি ফারুক আবদুল্লার হামলাকারীর
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • ফারুক আবদুল্লার উপর হামলা করার জন্য অপেক্ষা করেছেন ২০ বছর। বিয়ের অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় ধৃত কমল সিং জামওয়াল নিজেই জানিয়েছেন সেই কথা।

    পুলিশের দাবি, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah) লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছেন অভিযুক্ত। তবে কী কারণে ন্যাশনাল কনফারেন্স (National Conference) দলের সভাপতি ফারুক আবদুল্লাকে হত্যার চেষ্টা করা হলো তা এখনও জানাননি তিনি। পুলিশের দাবি, জেরায় ‘ব্যক্তিগত কারণের’ কথা বলেছেন কমল সিং জামওয়াল। যদিও ওই কারণের কথা জানাননি তিনি। হামলার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা জানার জন্য অভিযুক্তকে আরও জেরা করছে জম্মুর পুলিশ।

    বুধবার রাতে, জম্মুর (Jammu) গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়েবাড়িতে (wedding function) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী ( Deputy Chief Minister Surinder Choudhary) এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ( (Omar Abdullah), উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি-ও। অভিযোগ, সেখানেই ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালান জম্মুর বাসিন্দা কমল সিং জামওয়াল (Kamal Singh Jamwal)।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই হামলার দৃশ্য। তাতে দেখা গিয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (National Security Guard) এবং অন্য নিরাপত্তারক্ষীদের বলয় ভেদ করে ফারুক আবদুল্লার কাছে পৌঁছে যান ৬৩ বছরের কমল সিং। তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ফারুক আবদুল্লাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেন তিনি। পিছন থেকে ওই হামলা করা হয়। খাওয়ার পরে যখন ফারুক আবদুল্লা ফিরছিলেন তখনই ওই হামলা করা হয়। তার আগে সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন তিনি।  

    যদিও গুলি লাগেনি ফারুক আবদুল্লার শরীরে। বরাতজোরে বেঁচে গিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই ওই হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, সেই সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন কমল সিং জামওয়াল।

    পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যে আগ্নেয়াস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয় সেটি তাঁর নিজের। কী কারণে ওই হামলা চালানো হয় তা জানতে আরও জেরা এবং তদন্ত করা হচ্ছে।

    জেড প্লাস নিরাপত্তা (Z+ security) থাকা সত্ত্বেও কী ভাবে হামলা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুক আবদুল্লার পুত্র তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, নিজেকে জাগরণ মঞ্চ নামে একটি সংগঠনের চেয়ারম্যান হিসেবে দাবি করেছেন ওই হামলাকারী। জম্মুতে তিনটি দোকান ভাড়া দিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চলে তাঁর।

  • Link to this news (এই সময়)