• দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়, সতর্কতা বজ্রপাতের, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • বসন্তের আকাশে এখন কালো মেঘের আনাগোনা। আবহাওয়ার (West Bengal Weather) খামখেয়ালিতে এখন বোঝা দায় কখন কোন ঋতু। কখনও আকাশের মুখ ভার, তার কিছু পরেই কড়া রোদ। সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন, বৃষ্টি (Rainfall Forecast) কি আদৌ হবে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, (Weather Update) আগামী কয়েক দিনে দক্ষিণ এবং উত্তরঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে কি ফাল্গুনেই কালবৈশাখী?

    বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়াও, সতর্কতা রয়েছে বজ্রপাতের (Thunderstorm)। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম।

    দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও খুব বেশি পরিবর্তন হবে না তাপমাত্রার। হাওয়া দপ্তর জানিয়েছে, আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে। একই সঙ্গে সিকিমের পাহাড়ি এলাকায় হালকা তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা প্রবল।

    চাষিদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। যে সমস্ত জমিতে আলু তুলে নেওয়ার উপযুক্ত হয়েছে, সেখান থেকে দ্রুত ফসল তুলে গুদামে মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। না হলে হঠাৎ বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হলে সাধারণ মানুষকে খোলা আকাশের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)