এই সময়: রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে জোড়াফুলের নেতারা কিছু দিন পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়বেন। ভোট যত এগিয়ে আসবে বাড়বে রাজনৈতিক কাজিয়া, অভিযোগ, তর্কবিতর্ক। এই লড়াই–এ প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিতে তৈরি করা হলো তৃণমূলের (TMC) মুখপাত্র–ব্রিগেড। রাজ্যস্তরের মুখপাত্র হিসেবে ৪০ জন মন্ত্রী–সাংসদ–নেতাদের নিয়ে একটি টিম তৈরি করেছে জোড়াফুল শিবির। এ ছাড়া তৃণমূলের প্রতিটি সাংগঠনিক জেলাতে ২ থেকে ৪ জন নেতাকে নিয়ে পৃথক মুখপাত্রদের টিমও তৈরি করা হয়েছে। রাজ্যস্তরের সদস্যরা তুলনামূলক ভাবে বড় ঘটনাবলী, অভিযোগ, বিতর্কের ক্ষেত্রে মুখপাত্র হিসেবে কাজ করবেন।
নির্দিষ্ট ভাবে জেলাভিত্তিক ইস্যু নিয়ে বলবেন জেলার মুখপাত্রদের টিম। তৃণমূলের এই ভোটমুখী মিডিয়া–সেল বুধবার থেকে সক্রিয় ভাবে কাজ শুরু করেছে। রাজ্যস্তরের টিমে রয়েছেন শশী পাঁজা, পার্থ ভৌমিক, সায়নী ঘোষের মতো মন্ত্রী, সাংসদ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা থেকে অরূপ চক্রবর্তী–র মতো কাউন্সিলাররা। এ ছাড়া তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, ঋজু দত্ত সহ তৃণমূলের তরুণ মুখেরাও এই টিমে রয়েছেন। তৃণমূল সূত্রের খবর, এই মুখপাত্ররা সাংবাদিক সম্মেলন করবেন। একই সঙ্গে সংবাদমাধ্যমকে দলের পক্ষ থেকে ইস্যুভিত্তিক প্রতিক্রিয়া দেবেন। কোন কোন মুখপাত্র তৃণমূল ভবনে কোন কোন সময়ে থাকবেন তা আগাম জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই তৃণমূল ভবনে যেখানে মিডিয়া ব্রিফিং হয় তার সংস্কার করা হয়েছে। তৃণমূলের একাধিক নেতার বক্তব্য, ভোট পরিস্থিতিতে কখন কোন ইস্যু তৈরি হচ্ছে, প্রতিপক্ষ কোন ঘটনাকে নিয়ে প্রচার করতে চাইছে তা নিরন্তর নজরে রাখতে হয় এবং সেই অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে এই টিম তৈরি করা হয়েছে।