• গোলাঘাটায় চালু নয়া বেইলি ব্রিজ, সল্টলেক থেকে সরাসরি এবার ভিআইপি রোডেও
    বর্তমান | ১২ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভিআইপি রোড থেকে সল্টলেক সংযোগকারী বেইলি ব্রিজ আছে। কিন্তু সেই ব্রিজ ওয়ান ওয়ে। ভিআইপি রোড থেকে কেবলমাত্র সল্টলেকে ঢোকা যায়। বেরনো যায় না। এবার সেই সমস্যার অবসান। মানুষের সুবিধায় ভিআইপি রোড থেকে সল্টলেক সংযোগকারী দ্বিতীয় বেইলি ব্রিজ তৈরি হয়েছে। যার একটি দিক সল্টলেক এ এ ব্লকের খালপাড়। অন্য দিকটি ভিআইপি রোডের গোলাঘাটা। মাঝখানে কেষ্টপুর খালের উপর তৈরি হয়েছে নতুন ব্রিজটি। তা দিয়ে উভয়দিকেই যান চলাচল চালু করা হয়েছে। অর্থাৎ সল্টলেক থেকে যে কোনও গাড়ি সরাসরি ভিআইপি রোডে উঠতে পারছে আর ভিআইপি রোডের গাড়ি ঢুকছে সল্টলেকে। ট্রাফিক পুলিশের দাবি, নাগরিকদের সুবিধার পাশাপাশি এর ফলে সল্টলেকের বিভিন্ন পয়েন্টে গাড়ির চাপ ও যানজট কমেছে।

    কেষ্টপুরের দিক থেকে কলকাতাগামী ভিআইপি রোডে লেকটাউন ট্রাফিক গার্ডের আগে রয়েছে পুরনো বেইলি ব্রিজ। সেটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি সল্টলেকে ঢোকে। তবে সল্টলেক থেকে বের হওয়ার জন্য কোনও ব্রিজ ছিল না। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় বেইলি ব্রিজ করার প্রস্তাব ছিল। ফলে একটি সমীক্ষা হয়। গাড়ির চাপ কমানোর জন্য সল্টলেক ও ভিআইপি রোডের দ্বিতীয় সংযোগ গড়ে ওঠার পরিকল্পনা হয়। তবে দ্বিতীয় বেইলি ব্রিজ তৈরি হওয়ার পর সকলে সংশয়ে ছিলেন, গাড়ি কোন দিকে চলবে? এই ব্রিজ দিয়েও কি শুধুমাত্র সল্টলেকে গাড়ি ঢুকবে নাকি শুধুমাত্র বের হবে? তবে উভয়মুখে যান চলাচল চালুর পর সল্টলেকের আবাসিকরা খুশি। আবার যাঁরা অফিস সহ অন্যান্য প্রয়োজনে সল্টলেকে ঢুকছেন তাঁরাও খুশি। কারণ তাঁদের ঘুরে ১ নম্বর গেট থেকে ঢুকতে হচ্ছে না। তার আগেই সল্টলেকে ঢোকার সুযোগ মিলছে।

    সল্টলেক থেকে ভিআইপি রোডে ওঠার জন্য গোলাঘাটার কাছে আগেই একটি ট্রাফিক সিগনাল ক্রসিং চালু হয়েছিল। এর ফলে যে কোনও গাড়ি ডানদিকে ঘুরে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারছে এবং বাঁদিকে ঘুরে উল্টোডাঙা হয়ে কলকাতায় ঢুকছে। একইভাবে ভিআইপি রোডের গাড়িও সল্টলেকে ঢুকছে। সল্টলেক থেকে বেইলি ব্রিজে ওঠার মুখে ট্রাফিক পুলিশও মোতায়েন আছে। বিধাননগর ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দ্বিতীয় বেইলি ব্রিজে যান চলাচল চালুর আগে সল্টলেকের ৪ নম্বর ট্যাঙ্কের কাছে যানজট হত। বিশেষ করে অফিস টাইমে গাড়ির লম্বা লাইন পড়ে যেত। উভয়মুখী ব্রিজ চালুর পর যানজট থেকে রেহাই মিলেছে। কারণ বহু গাড়ি নতুন রাস্তা দিয়ে যাতায়াত করছে। পিএনবি মোড়েও অফিস টাইমে গাড়ির চাপ থাকত বেশি। গাড়ির সেই চাপও কমেছে। বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মিত কুমার বলেন, নতুন বেইলি ব্রিজ চালু হওয়ার পর সকলেই উপকৃত হয়েছে। সেখান থেকে উভয়মুখেই গাড়ি চলাচল করানো হচ্ছে। নাগরিকদের সুবিধার সঙ্গে আমাদের ট্রাফিক ব্যবস্থা আরও মসৃণ হয়েছে।
  • Link to this news (বর্তমান)