• আরামবাগ শহরে দাঁড়ালই না রথ, গেরুয়া শিবিরের নীচুতলায় নেতা-কর্মীদের ক্ষোভ
    বর্তমান | ১২ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ঘড়ির কাঁটায় তখন দুপুরে আড়াইটা। মঙ্গলবার আরামবাগ শহরের প্রাণ কেন্দ্র গৌরহাটি মোড়ে বিজেপির মঞ্চ থেকে ভেসে আসছিল তাদের দলীয় প্রচারের গান। মঞ্চে বসেছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা। পরিবর্তন যাত্রার রথ গৌরহাটি মোড় হয়ে যাওয়ার কথা গোঘাটে। সেইমতোই প্রস্তুতি চলছিল। রথ পুরশুড়া, খানাকুল হয়ে ঢোকে আরামবাগের বলরামপুরে। সেখানে বিজেপির কিছু নেতা-কর্মী হাজির থেকে রথ লক্ষ্য করে ফুল ছুঁড়ে স্বাগত জানান। তারপর বাসুদেবপুর মোড় সংলগ্ন একটি হোটেলের সামনে এসে রথ বেশ কিছুক্ষণ থেমে যায়। সেখান থেকে রথ ফের শহরের উদ্দেশে ছুটতে শুরু করে।

    গৌরহাটি মোড় এলাকায় গেরুয়া বেলুন, বাজনার দল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিজেপি নেতা-কর্মীরা। রথ আসার আগেই তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন নানাভাবে। বারবার জয় শ্রী রাম স্লোগানও উঠছিল। সেইসময় বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকা রথ গৌরহাটি মোড় দিয়ে রথ পেরিয়ে চলে যায়। কর্মীরা তখন রাস্তার ধারে মঞ্চের কাছে ভিড় জমিয়েছিলেন। কেউ কিছু বুঝে উঠার আগেই রথ শহর ছাড়িয়ে চলে যায়। এদিকে গৌরহাটি মোড়ে রথ না থামায় ক্ষুব্ধ বিজেপির নিচুতলার কর্মীরা।

    যদিও কর্মসূচি অনুযায়ী এদিন গৌরহাটি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ সহ জেলা নেতৃত্ব। তবে রথ না থামা নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। তবে কান পাতলেই বিজেপি নেতা- কর্মীদের ক্ষোভের কথা শোনা যাচ্ছে। বিজেপির একাধিক কর্মী বলছেন, সাংগঠনিক জেলা বা লোকসভা কেন্দ্রের মধ্যে আরামবাগ শহরই মুখ। অথচ সেই আরামবাগেই রথের তেমন কর্মসূচি হল না। ঠিক ছিল গৌরহাটি মোড় থেকে রথের সঙ্গে সঙ্গে কর্মীরা হাঁটবেন শহরের পল্লিশ্রী পর্যন্ত। কিন্তু তা হয়নি। তাতেই অনেকে হতাশ। কর্মসূচিটি হলে আরো বেশি মানুষের আবেগকে ছুঁতে পারত। কিন্তু তা না হওয়ায় নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন কর্মীদের একাংশ।

    তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, সামান্য কিছু লোক নিয়ে বিজেপির ওই রথ যাত্রা ফ্লপ হয়েছে। গৌরহাটি মোড়ে রথ না দাঁড়ানোয় কর্মীদের আবেগেও আঘাত লেগেছে।

    যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, পাঁচটি বিধানসভা অতিক্রম করেছে পরিবর্তন যাত্রার রথ। তাতে ভালো সাড়াও পাওয়া গিয়েছে। আরামবাগ শহরে মনীষীদের মূর্তিতে মাল্যদান করে রথযাত্রার কর্মসূচি নেওয়া হয়। মঞ্চে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা রাখা হয়নি। তাই কর্মীরা প্রথমে বুঝতে না পারলেও পরে সব পরিষ্কার হয়ে গিয়েছে। তাঁদের মধ্যেও রথ ঘিরে উচ্ছাস ছিল তুঙ্গে।

    অন্যদিকে, গেরুয়া গড়ে পরিবর্তন যাত্রা কেমন হল তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমাগম কম হয়েছে বলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এদিন গোঘাটে পাল্টা সভাও করেছে তৃণমূল। কামারপুকুর চটিতে ওই সভায় তৃণমূল নেতৃত্ব বিজেপিকে আক্রমণ করে। পাশাপাশি এসআইআরে হয়রানির প্রতিবাদও জানানো হয়।
  • Link to this news (বর্তমান)