• একধাক্কায় অটোর গ্যাসের দাম বাড়ল ৫ টাকা! পরিষেবায় ঘাটতি, নাকাল যাত্রীরা
    বর্তমান | ১২ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার গোলপার্কে অটো নিয়ে দাঁড়িয়ে চালকরা। চলছে আলোচনা, ‘হঠাত্ করে কেমন গ্যাসের দামটা বাড়িয়ে দিল দেখলে।’ শুধুই কি বাড়িয়ে দিয়েই ক্ষান্ত থাকল? চালকদের বক্তব্য, ‘আজ সাউথ সিটিতেও গ্যাস নেই। মহামায়াতলাতেও নেই। সেই বারুইপুর ছুটতে হচ্ছে। গোলপার্ক থেকে বারুইপুর গিয়ে ফিরতেই তো খালি হয়ে যাচ্ছে গ্যাসের ট্যাঙ্ক।’

    জানা গিয়েছে, ১ কিলো এলপিজি গ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। বুধবার থেকে তা বেড়ে হয়েছে, ৬২ টাকা ৬৮ পয়সা। তাহলে কি অটোর ভাড়া এবার বেড়ে যাবে? গড়িয়া-গোলপার্ক রুটের অটোচালকদের বক্তব্য, ‘এখনই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। গ্যাসই তো নেই।’ আবার অনেকে মঙ্গলবার প্রায় ৪ ঘণ্টা পেট্রল পাম্পে দাঁড়িয়ে গ্যাস ভরেছেন। ফলে বেশিক্ষণ অটো চালানোর সময় পাননি। গ্যাস এখনও কিছুটা রয়ে গিয়েছে। সেই বেঁচে থাকা গ্যাস দিয়েই এদিন অটো চালাতে হচ্ছে। অটোর মতোই সমস্যায় পড়েছেন অ্যাপ-ক্যাব চালকরা। অনেকেই সাশ্রয়ের জন্য সিএনজি গাড়ি চালাচ্ছেন। কিন্তু এখন গ্যাস পেতে ঝরাতে হচ্ছে ঘাম। সমস্যা বাড়ছে শহরতলিতেও। বেলঘরিয়া নীলগঞ্জ রোডে গ্যাস স্টেশনে এদিনও অটোর দীর্ঘ লাইন দেখা গিয়েছে। একদিকে বরানগর মেট্রো স্টেশন, অন্যদিকে ভৈরব গাঙ্গুলি কলেজের গেট পার করে গ্যাস ভরার অটোর লাইন। গ্যাস না পেয়ে প্রতিদিন প্রচুর চালককে অটো নিয়ে ফিরে যাচ্ছেন। যার ফলে কোপ পড়ছে তাঁদের রুজি-রুটিতে। সোদপুর প্রিয়নগরের অটোচালক পিন্টু কর্মকার বলেন, ‘ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর দুপুরে বলা হল, গ্যাস নেই। কীভাবে অটো চালাব বলতে পারেন? গত দু’দিন সন্ধ্যা থেকে লাইন দিয়ে পরের দিন সকাল ছ’টার পর গ্যাস ভরতে হচ্ছে। তারপর গাড়ি চালানো সম্ভব?’ এই সমস্যার কারণে এখানকার বেশ কয়েকটি রুটে বেড়ে গিয়েছে অটো ভাড়া। ইতিমধ্যেই বারাকপুর থেকে বারাসত রোডের চালকরা ভাড়া বাড়ানোর দাবিতে মিটিং ডেকেছেন। সবমিলিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে মারাত্মক খারাপ দশা।

    গ্যাস নিয়ে এই সমস্যার মধ্যে ভয়ানক সমস্যায় সাধারণ মানুষ। সকালের দিকে অটো চালিয়ে, সন্ধ্যায় অনেক অটো চালক গ্যাসের লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। যার ফলে অফিস ফেরত সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন অটোর লাইনে। তাও পাচ্ছেন না। পাড়ার ভিতরে সেই কারণে এখন রিকশ’র চাহিদা গিয়েছে বেড়ে।
  • Link to this news (বর্তমান)