এই সময়: পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ ঘিরে অনিশ্চয়তার জেরে দেশে রান্নার গ্যাস নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সাধারণ মানুষের হেঁশেলে রান্নার গ্যাসের জোগান বজায় রাখতে তেল বিপণন সংস্থাগুলি ইতিমধ্যেই ঘরোয়া এলপিজি উৎপাদন ২৫ শতাংশ বাড়িয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী ( Strait of Hormuz) বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব-সহ পশ্চিম এশিয়ার যে দেশগুলি থেকে এলপিজি আমদানি করা হতো, সেই দেশ থেকে আপাতত আমদানি করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে এলপিজি আমদানির পরিকল্পনা করছে সরকার। এমনিতে রান্নার গ্যাস বুক করার পরে দু'দিনের মধ্যে তা পাওয়া গেলেও পরিবর্তিত পরিস্থিতিতে বুকিং-এর পরে ৭-১০ দিন কেটে গেলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। জ্বালানি সরবরাহ নিয়ে এই অনিশ্চয়তার জেরে দেশের বিভিন্ন শহরে হঠাৎ করেই বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের চাহিদা বিপুল বেড়ে গিয়েছে।
বিশেষ করে অনলাইন ও ক্যুইক ডেলিভারি প্ল্যাটফর্মে ইন্ডাকশন কুকটপ কার্যত পাওয়া যাচ্ছে না। দেশের শীর্ষ ক্যুইক-কমার্স অ্যাপগুলিতে এখন অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডাকশন কুকটপের পাশে ভেসে উঠছে 'আনঅ্যাভেলেবল' বা 'সোল্ড আউট' ট্যাগ। অস্বাভাবিক চাহিদার কারণে এই প্ল্যাটফর্মগুলিী প্রায় স্টকশূন্য হয়ে পড়েছে। ক্যুইক কমার্স অ্যাপগুলিতে ইন্ডাকশন কুকটপের অধিকাংশ মডেলই বর্তমানে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই চাহিদা বেড়েছে ইন্ডাকশনে ব্যবহারের উপযোগী বাসনেরও। গ্যাস সরবরাহের চাপ সামলাতে সরকার সম্প্রতি বাণিজ্যিক গ্যাস সরবরাহ সাময়িক ভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এক রিফিলের পরে আর একটি রিফিল নেওয়ার মধ্যে বাধ্যতামূলক ভাবে ২৫ দিনের ব্যবধান রাখার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের পরেই অনেক মানুষ বিকল্প রান্নার ব্যবস্থা হিসেবে বৈদ্যুতিক ইন্ডাকশন কুকটপের দিকে ঝুঁকিতে শুরু করেছেন।
তবে, বড় ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এখনও তুলনামূলক ভাবে বেশি দামের ইন্ডাকশন কুকটপের কিছু সীমিত স্টক পাওয়া যাচ্ছে। তিন হাজার টাকা বা তার বেশি দামের প্রিমিয়াম মডেলগুলিই এখন মূলত তালিকাভুক্ত রয়েছে। গত সপ্তাহেও যে ব্র্যান্ডের বাজেট মডেলগুলি প্রায় ১,২০০ টাকায় বিক্রি হচ্ছিল, সেগুলি কার্যত উধাও হয়ে গিয়েছে। গত চার-পাঁচদিন ধরে ইন্ডাকশন কুকটপের বিক্রি বেড়ে গিয়েছে বলে জানিয়েছে দেশের দুই প্রথম সারির ই-কমার্স সংস্থা। এমনই এক ই-কমার্স সংস্থার দাবি, গত চারদিনে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইন্ডাকশন কুকটপ বিক্রি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। কলকাতা, দিল্লি এবং উত্তরপ্রদেশে বিক্রি সব থেকে বেশি বেড়েছে বলেও সংস্থাটির তরফে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইন্ডাকশন কুকটপ-এর বিক্রি ২০ গুণ বেড়ে গিয়েছে বলে দাবি বহুজাতিক এক ই-কমার্স সংস্থার।'