• অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি! সরকারি চাকরির পরীক্ষায় গাফিলতির অভিযোগ পরীক্ষার্থীর
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • সরকারি চাকরি পরীক্ষার (Government Job Exam) অ্যাডমিট কার্ড হাতে পেয়ে চক্ষু চড়কগাছ বিহারের এক যুবকের। ২০২২ সালে পিওন পদের নিয়োগের পরীক্ষায় আবেদন করেছিলেন রীতেশ কুমার। দীর্ঘ চার বছর অপেক্ষার পরে যখন পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে এল, তখন দেখা গেল রীতেশের বদলে একটি কুকুরের ছবি। ১৫ মার্চ এই পরীক্ষা হওয়ার কথা। নিজের ছবির বদলে গোল্ডেন রিট্রিভারের (Golden Retriever) ছবি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন পরীক্ষার্থী। প্রশ্ন উঠছে বিহার সরকারের (Bihar Government) নিয়োগের পদ্ধতি নিয়ে।

    সূত্রের খবর, ২০২২ সালে জেলা ও দায়রা আদালতে পিওন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। রীতেশ তখন নিয়ম মেনে আবেদনপত্র জমা দিয়েছিলেন। তাঁর দাবি, আবেদনের সময়ে তিনি নিজের সঠিক ছবি আপলোড করেছিলেন। প্রমাণ হিসেবে তিনি নিজের কাছে সেভ করা নথিপত্রও দেখিয়েছেন। কিন্তু পরীক্ষার ঠিক আগে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতেই নজরে আসে অদ্ভুত এই বিভ্রাট। ঘটনা জানাজানি হতেই এলাকায় হাসির পাত্র হয়ে ওঠেন রীতেশ। যার জেরে আপাতত অপমান এবং দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।

    রীতেশ জানিয়েছেন, ছবি সংশোধনের জন্য তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানিয়েছেন। কিন্তু পরীক্ষার দিন এগিয়ে এলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

    ভুল ছবি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন রীতেশ। কর্তৃপক্ষের কাছে তাঁর এখন একটাই আবেদন, দ্রুত অ্যাডমিট কার্ডের ছবির ভুল সংশোধন করা হোক। নয়তো চার বছরের অপেক্ষা আর পরিশ্রম সবটাই বিফলে যাবে রীতেশের। ঘটনায় বিহারের নিয়োগ বোর্ডের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

  • Link to this news (এই সময়)