• নয়ডার কারখানায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ কমপক্ষে ২৬
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • বৃহস্পতিবার সকালে নয়ডার সেক্টর ৪ এলাকার ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে গুরুতর জখম অন্তত ২৬ কর্মী। সূত্রের খবর, ঘটনার সময়ে ওই কারখানায় ২৪০ জন কর্মী কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ফলে তাঁরা প্রত্যেকেই কারখানার ভিতরে আটকে পড়েন। খব পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০টি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। কারখানার ভিতরে আটকে পড়া শ্রমিকদের দমকল কর্মী ও উদ্ধারকারী দল কারখানার জানলার কাচ ভেঙে বাইরে বের করে আনেন। দমকল কর্মীরা বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    পুলিশ সূত্রে খবর, জখম ২৬ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ICU-তে রাখা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র জানিয়েছেন, ধোঁয়ার কারণে বহু শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এ ছাড়াও, উঁচু থেকে লাফিয়ে নামতে গিয়ে বা পড়ে গিয়ে কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল।

    বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও দমকল কর্মীরা খতিয়ে দেখছেন কোথাও পকেট ফায়ার রয়েছে কি না। ঠিক কী কারণে নয়ডার ওই কারখানার বিধ্বংসী আগুন লাগল, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও।

    আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ঘটনাস্থল পৌঁছন গৌতম বুদ্ধ নগরের চিফ ফায়ার অফিসার। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দমকলের সমস্ত কাজের তদারকি করেছেন। কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ধোঁয়ার রেশ কাটলেই ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)