এই সময়: স্কুল সার্ভিস কমিশন(এসএসসি) নিয়োগ দুর্নীতির (SSC SCAM) জট খুলতে এবার জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা (TMC) কুন্তল ঘোষকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এমনটাই ইডি (ED) সূত্রে খবর।
তদন্তকারীদের নজরে এখন কেবল নিচুতলার ‘এজেন্টরা নন। বরং দুর্নীতির ‘অপারেশন’ কীভাবে সরকারি দপ্তরের অলিন্দ থেকে নিয়ন্ত্রিত হতো, তা স্পষ্ট করাই মূল লক্ষ্য। মণীশকে এর আগে সিবিআই (CBI) জেরা করলেও, ইডি-র তলব এই প্রথম। বিশেষ করে আর্থিক লেনদেনের রুট ম্যাপ বুঝতে মণীশ ও কুন্তলের বয়ান মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। আবার, চলতি মাসেই এই মামলার তদন্তের স্বার্থে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি সেরে ফেলেছে ইডি। আগামী ১৬ ও ১৮ মার্চ তাঁদের মুখোমুখি হতে পারেন আধিকারিকরা। শিক্ষা দপ্তরের প্রাক্তন সচিব হিসেবে মণীশ জৈনের কাছে কি নিয়োগের কোনও বিশেষ তালিকা যেত? কার নির্দেশে ফাইল নড়াচড়া করত? এই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।
একইসঙ্গে প্রাথমিকে জামিন পেলেও এসএসসি-র টাকার সংগ্রাহক হিসেবে কুন্তলের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সূত্রের খবর, কেবল এই চারজনই নন, আগামী কয়েকদিনে শিক্ষা দপ্তরের আরও কয়েকজনকে তলব করার তালিকা তৈরি করে ফেলেছে ইডি। তাঁদেরও ধাপে–ধাপে তলব করা হবে। ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ-অর্পিতাকে গ্রেপ্তার করেছিল ইডি। পরবর্তীতে এসএসসি-র দুর্নীতিতে সক্রিয়তা বাড়িয়েছে ইডি।