হোলি মিটতেই বাড়ি থেকে কর্মস্থলে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের। তিল ধারণের জায়গা নেই ট্রেনে। যাত্রীদের বাড়তি এই চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ রেলের। তিরুবনন্তপুরম উত্তর এবং সাঁতরাগাছির মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ রেল। উৎসব শেষে কর্মস্থলে ফেরা শ্রমিকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশেষ এই ট্রেনের বুকিং করা যাবে অনলাইন এবং অফলাইনে।
০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন মাত্র দু'দিন, ১৩ এবং ২০ মার্চ। ১৩ মার্চ, শুক্রবার দুপুর ২টো ১৫ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছাড়বে এই ট্রেন। তার পরে কোয়েম্বাত্তুর, তিরুপুর এবং ইরোড স্টেশন হয়ে ট্রেন পৌঁছবে সালেমে। ১৪ মার্চ, শনিবার রাত ২টো ৩ মিনিটে এই ট্রেন সালেম স্টেশনে পৌঁছবে। সেখানে দু'মিনিট দাঁড়ানোর পরে রাত ২টো ৫ মিনিটে পুনরায় গন্তব্যের দিকে রওনা দেবে এই ট্রেন। বিশেষ এই ট্রেন কোয়েম্বাটুর, তিরুপুর এবং ইরোড স্টেশন হয়ে যাবে। তার পরে ১৫ মার্চ, রবিবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।
০৬০৮২ সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম উত্তর ট্রেন সাঁতরাগাছি থেকে ফিরবে ১৬ এবং ২৩ মার্চ। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টো ২০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে ট্রেন। খড়্গপুর, বালাসোর এবং ভুবনেশ্বর হয়ে সালেমে পৌঁছবে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টা ২৭ মিনিটে।
সালেম থেকে মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ট্রেন তিরুবনন্তপুরম পৌঁছবে। বিশেষ এই পরিষেবায় দূরপাল্লার যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।