এই সময়, দুর্গাপুর: আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol-Durgapur Police Commissionerate) আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের হানা দিল ইডি (ED)। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির সাত জন আধিকারিক মনোরঞ্জনের বাড়িতে আসেন। প্রায় ছয় ঘণ্টা সেখানে কাটিয়ে দুপুর দেড়টা নাগাদ খামে ভরা কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে যান তাঁরা।
এ দিন তল্লাশি চালাকালীন বাড়িতে ছিলেন না মনোরঞ্জন ও তাঁর স্ত্রী। তাঁর বাড়িতে একটি নোটিস টাঙিয়ে দিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। আগামী ১৩ তারিখ তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে (CGO Complex in Kolkata) হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে।
ইডি সূত্রের খবর, কয়লা পাচার মামলায় (Coal Scam) প্রোটেকশন মানি হিসেবে অনেক টাকা লেনদেনের যোগসূত্র নাম রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। কয়লা কারবারিদের কাছে টাকা অন্যত্র সরানোর জন্য মোটা টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে মনোরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মনোরঞ্জনের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই সময়ে দুর্গাপুর, পানাগড়, অন্ডাল সমেত বিভিন্ন জায়গায় কয়লা ও বালি কারবারিদের বাড়ি সমেত তাঁদের অফিসে ইডি হানা দিয়েছিল। তলব করা হয়েছিল মনোরঞ্জনের স্ত্রীকেও। কিন্তু তিনিও যাননি ইডি দপ্তরে। মনোরঞ্জনকেও একাধিক বার তলব করেছে ইডি। কিন্তু একবারের জন্যও ইডি দপ্তরে যাননি তিনি।