এই সময়, বালুরঘাট: বাচ্চাদের পার্কে 'আপত্তিকর' অবস্থায় বসেছিলেন এক যুগল। বিষয়টি নিয়ে অন্যদের কাছ থেকে অভিযোগ আসতে এর প্রতিবাদ করেন বালুরঘাট উদ্যান পার্কের বনকর্মী (Forest Worker at Balurghat Udyan Park)। অভিযোগ, ওই বনকর্মীকে হেলমেট দিয়ে মারধর করেন ওই যুগল। বুধবার দুপুরে ঘটনাটি বালুরঘাট সার্কিট হাউস (Balurghat Circuit House) সংলগ্ন বালুরঘাট উদ্যান পার্কে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ বনকর্মীকে উদ্ধার করে আনে। তবে এ নিয়ে সন্ধ্যা পর্যন্ত বালুরঘাট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। গঙ্গারামপুরের এক যুবক বালুরঘাটের এক তরুণীকে নিয়ে পার্কে ঢোকেন। সেখানে ঢুকে তাঁরা নিরিবিলি জায়গায় ঘনিষ্ঠ হয়ে পড়েন।
তাঁদের এই অবস্থায় দেখে অনেকে পার্কের বনকর্মী তথা নিরাপত্তারক্ষীকে অভিযোগ করেন। এর পরে তিনি ওই যুগলের কাছে এসে তাঁদের ভদ্র ভাবে বসতে বললে তাঁর উপরে যুবক চড়াও হন বলে অভিযোগ। আক্রান্ত বনকর্মী মহাবীর কামেত বলেন, 'অভিযোগ পেয়ে আমি ওঁদের বলি পার্কে এই সব করা ঠিক নয়। তখনই ওঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে হেলমেট দিয়ে মারধর করেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।' বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, 'এ নিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।'