• ইঞ্জেকশনের জেরে মৃত্যুর অভিযোগ, ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • এই সময়, ইসলামপুর: এক রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির (Medical negligence in patient's death) অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Subdistrict Hospital)। মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। তদন্তের আশ্বাস পাওয়ার পরে বিক্ষোভ তুলে দেন পরিবারের লোকেরা। মৃতের নাম দীপক গুপ্তা (৩২)। তিনি ইসলামপুরের মেলামাঠ সংলগ্ন বিবেকানন্দপল্লির বাসিন্দা ছিলেন।

    পরিবার জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাঁকে ওই হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযোগ, ভর্তির পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে নার্স দীপককে তিনটি ইঞ্জেকশন দেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের আত্মীয় রঞ্জিত রায় বলেন, ‘ভুল চিকিৎসার কারণেই দীপকের মৃত্যু হয়েছে।’ হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখোপাধ্যায় বলেন, ‘ওই সময়ে যাঁরা ডিউটিতে ছিলেন তাঁদের সবার সঙ্গে আলাদা করে কথা বলব। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ যদিও এ নিয়ে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি।

  • Link to this news (এই সময়)