গ্যাস সঙ্কটে কমল জগন্নাথদেবের মন্দিরের ভোগের পরিমাণ
আজকাল | ১২ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: এলপিজি সঙ্কটের জেরে সমস্যার মুখোমুখি দিঘার জগন্নাথধাম। প্রতিদিন যেখানে প্রায় তিন হাজার দর্শনার্থীর জন্য ভোগ রান্না করে খাওয়ানো হত, সেখানে গ্যাসের ঘাটতির কারণে এখন সেই সংখ্যা কমিয়ে প্রায় সাড়ে চারশো করা হয়েছে। এর ফলে মন্দির কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
মন্দির সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভোগ রান্নার জন্য আর মাত্র দু’দিনের মতো এলপিজির সিলিন্ডার মজুত রয়েছে। নতুন করে সিলিন্ডার না এলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে ভবিষ্যতে ভোগ রান্নার পরিমাণ আরও কমানো হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
তবে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন, শ্রীশ্রী জগন্নাথদেব, সুভদ্রা দেবী ও বলরামদেবের নিত্য ভোগ রান্নায় কোনওরকম ত্রুটি রাখা হবে না। দেবদেবীর দৈনন্দিন পূজা ও ভোগের আয়োজন যথারীতি চালিয়ে যাওয়ার জন্য তাঁরা সর্বতোভাবে চেষ্টা করছেন।
অন্যদিকে ভোগের পরিমাণ কমে যাওয়ায় মন্দিরে আগত অসংখ্য দর্শনার্থীর মধ্যে যাতে কেউ অভুক্ত না থাকেন, সেই বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ দীঘা জগন্নাথধামে দর্শনের পাশাপাশি প্রসাদ গ্রহণ করতে আসেন। ভোগ কমে যাওয়ায় সেই প্রসাদ বিতরণে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে মন্দির কর্তৃপক্ষ জগন্নাথদেবের কাছে প্রার্থনা করছেন যাতে দ্রুত যুদ্ধ পরিস্থিতি শেষ হয় এবং স্বাভাবিকভাবে এলপিজি সরবরাহ পুনরায় শুরু হয়। তাতে মন্দিরের ভোগ রান্না আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।