• শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘট, বানচাল করতে তৎপর তৃণমূলের সংগঠন; বাড়ছে চাপানউতোর
    আজ তক | ১২ মার্চ ২০২৬
  • শুক্রবার ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠনের। সেই ধর্মঘট সফল করতে ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারিন দফতরগুলিতে প্রচার শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে ধর্মঘট ব্যর্থ করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। রাজ্যের শাসকদল তৃণমূল সমর্থিত এই সংগঠনের দাবি, তারা ধর্মঘটের বিরোধী। সরকারি কর্মীরা যাতে দফতরে আসতে পারেন, স্কুল-কলেজ খোলা থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। 

    সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনও মেটায়নি রাজ্য সরকার৷ উল্টে তারা শীর্ষ আদালতে আবেদন করে আরও সময় চেয়েছে। মূলত তার বিরোধিতা করেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার বিরোধী একাধিক সংগঠন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ধর্মঘট পালন করা হবে। 

    এই বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না। শীর্ষ আদালতে আমরা মামলায় জিতলেও সরকার নির্দেশ মানছে না। ৬ লক্ষ শূন্যপদ আছে। তা পূরণ করতে হবে। এই সব দাবিতে আমর ধর্মঘট ডেকেছি। জরুরি পরিষেবা দানকারী সংস্থাগুলো ছাড়া সর্বত্র ধর্মঘট থাকবে। আমরা রাস্তায় নামব তা সফল করার জন্য।' 

    তাঁর আরও সংযোজন, 'এই সরকার দিনের পর দিন কর্মচারীদের অধিকার থেকে ব্রাত্য করছে। সবক্ষেত্রে কর্মচারীদের কাজ করিয়ে নিচ্ছে কিন্তু প্রাপ্য অধিকারটুকু দিচ্ছে না। আগেও আমরা ধর্মঘট ডেকেছিলাম। সফল হয়েছিল। এবারও তাই হবে। সব ক্ষেত্রের কর্মীদের সাড়া পাচ্ছি।' 

    তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি, এই ধর্মঘট সফল হবে না। ওই সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক এই বিষয়ে বলেন, 'ধর্মঘট সফল হবে না। আমরা সরকারি কর্মীদের অফিসে আসতে বলেছি। তাদের উপর নজর থাকবে। গণতান্ত্রিক রাজ্য। সবাই বনধ ডাকতে পারে। কিন্তু এতে পরিষেবা ব্যহত হলে তা বরদাস্ত করা হবে না। আমাদের তরফেও পাল্টা প্রচার চালানো হচ্ছে।' 

    দেবাশিস শীলের বক্তব্যের পাল্টা তিনি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের জন্য অনেক কাজ করেছেন। এ রাজ্যে পেনশন আছে। অন্য রাজ্যে তো তা নেই। এছা়ড়া তিনি ডিএ দিচ্ছেন নিয়মিত। ওরা আসলে বিরোধিতা করার জন্য করছে।' 

    তবে প্রতাপ নায়েকের মন্তব্যের সমালোচনা করেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'প্রতাপ নায়েকদের সরকারি কর্মীদেরব উপর নজরদারি না করে বরং সরকারের উপর নজর দেওয়া উচিত। এই সরকার কর্মীদের নূন্যতম ডিএ টুকুও দিচ্ছে না। সেটার সমাধান দরকার। ধর্মঘট হবেই। আর তা সফলভাবেই হবে। কারণ, সরকারি কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এটা তাদের অস্তিত্বের লড়াই।'  
  • Link to this news (আজ তক)