• লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, দলীয় কর্মীর বিরুদ্ধে থানায় ছুটলেন BJP জেলা সভাপতি
    এই সময় | ১২ মার্চ ২০২৬
  • আর্থিক প্রতারণার অভিযোগ। দলের কর্মীর বিরুদ্ধেই থানায় ছুটলেন জেলা বিজেপি সভাপতি। স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

    সূত্রের খবর, হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে। সেখানেই ২০২৪ সাল থেকে কাজ করতেন বিজেপি কর্মী শিবশঙ্কর কর্মকার। বিজেপি সভাপতির অভিযোগ, দলের কাজে ব্যাস্ত থাকার কারণে তিনি ব্যবসায় সব সময় নজর দিতে পারেন না। অভিযুক্ত শিবশঙ্কর-সহ কয়েকজন কর্মী দেখাশোনা করেন। অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই কর্মী তাঁর দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে সরবরাহ করেন। কিন্তু বিক্রির টাকা দেন না

    গৌতম জানান, প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন ওই কর্মী। তাই সমাজমাধ্যমে তাঁর ছবি দিয়ে তাঁকে খুঁজে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পুলিশে অভিযোগ করা হয়েছে। তাঁর বক্তব্য, ‘দলের কর্মসূচিতে থাকতেন শিবশঙ্কর। একবার বুথ সভাপতিও হয়েছিল। এখন শুনছি আমার নাম ভাঙিয়ে বিভিন্ন লোককে ঠকিয়েছেন। আমি ওঁর উপযুক্ত শাস্তি চাই।’

    অন্য দিকে বিষয়টি নিয়ে চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মল চক্রবর্তী বলেন, ‘বিজেপি চোর চিটিংবাজের দল। জেলা সভাপতির অনুচর ২০ লক্ষ টাকা আত্মসাৎকরে পালিয়ে গিয়েছে। বুঝুন ঠ্যালা।’

  • Link to this news (এই সময়)