রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাস সঙ্কটের মধ্যে বৃহস্পতিবার এলপিজি ডিলার এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক রাখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (SOP) চালু করল রাজ্য সরকার।
২৪x৭ কন্ট্রোল রুম: LPG সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কোনও সমস্যা হলে যোগাযোগ করার জন্য একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু করছে নবান্ন। কন্ট্রোল রুমের নম্বর হলো– ১০৭০/ ০৩৩-২২১৪-৩৫২৬ এবং মোবাইল নম্বর ৮৬৯৭৯৮১০৭০।
রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি রাজ্য পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত গ্যাসের জোগান পর্যালোচনা করবে। এই কমিটিতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবদের রাখা হয়েছে।
এর পাশাপাশি হাসপাতাল, স্কুল (মিড-ডে মিল), অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সংশোধনাগারগুলিতে যাতে গ্যাসের জোগান কোনওভাবেই ব্যাহত না হয়, সে দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। প্রয়োজনে একক সিলিন্ডার ব্যবহারকারী গ্রাহকদের বুকিংয়ে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
গ্যাস সিলিন্ডার মজুত করা বা চড়া দামে বিক্রি রুখতে কড়া নজরদারি চালাবে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। জেলাশাসকদের নেতৃত্বে জেলা স্তরেও বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। গ্যাসের ট্যাঙ্কার চলাচলের জন্য প্রয়োজনে 'গ্রিন করিডোর' তৈরি করা হবে এবং এই যানবাহনগুলিকে জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত করা হবে।
গ্যাস বা জ্বালানি তেল সংক্রান্ত সমস্যার কথা জানাতে সাধারণ মানুষ সরাসরি পুলিশের এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন। কোনও জায়গায় গ্যাস ডেলিভারি নিয়ে অসুবিধা বা অশান্তি হলে যে নম্বরে ফোন করবেন, সেগুলি হলো—
০৩৩-৪৯৫০৬১০১, ০৩৩-৩৫০২৬২১৪, ০৩৩-২৪৮৭৪৪০০
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুকিং না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখানেই শেষ নয়, রাজ্যের ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিদিনের মজুত ও সরবরাহের রিয়েল-টাইম তথ্য পর্যবেক্ষণ করা হবে।