বিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হলো অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। মৃত ছাত্রীর নাম রাজন্যা মাহাত। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপু-১ ব্লকের পূর্ণাপানি এলাকায়। চলতি বছরই ওই ছাত্রী সবংয়ের দশগ্রাম এম.বি.কে.বি বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুরে হস্টেলের রুম থেকে তার দেহ উদ্ধার হয়। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজন্যার বাড়ি ঝাড়গ্রামের বিনপুরে হলেও মামাবাড়ি সবং সংলগ্ন একটি গ্রামে। সেই সূত্রেই রাজন্যাকে চলতি বছর দশগ্রাম বালিকা বিদ্যালয়ে ভর্তি করেন তার বাবা-মা। রাজন্যা স্কুলের হস্টেলেই থাকত। গত রবিবার বাড়ি থেকে ফিরেছিল সে। সঙ্গে এসেছিলেন তার মা। মেয়েকে রেখে তিনি চলে যান। বুধবার পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বৃহস্পতিবার ক্লাসেও যায় রাজন্যা। পরে শরীর অসুস্থতার কারণ দেখিয়ে হস্টেলে ফিরে আসে বলে সূত্রের খবর।
এ দিন বেলা দেড়টা নাগাদ টিফিনের সময়ে সহপাঠীরা হস্টেলে গিয়ে দেখে রাজন্যা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তারাই স্কুল কর্তৃপক্ষকে জানায়। দ্রুত তাকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে।
এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিবেদিতা সিংহ কোনও প্রতিক্রিয়া দেননি। স্কুল কর্তৃপক্ষ কার্যত মুখে কুলুপ এঁটেছেন এই ঘটনায়। পরিবারের তরফেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাজন্যা এই স্কুলে ভর্তি হতে বা হস্টেলে থাকতে চায়নি। কিছুটা ইচ্ছের বিরুদ্ধেই হস্টেলে রাখা হয় তাকে। তা নিয়েই সম্ভবত মন খারাপ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছি আমরা। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।’ শুক্রবার খড়্গপুর মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।