• মোদির ব্রিগেড সমাবেশেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা?
    বর্তমান | ১২ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী শনিবার রাজ্যে ব্রিগেড সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই গুরুত্বপূর্ণ সভা থেকে কি বাংলার বিধানসভা নির্বাচনের একপ্রস্থ দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি? এব্যাপারে রাজ্য বিজেপির কোনো নেতা মন্তব্য করতে চাননি। বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নির্বাচনি প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে রাজ্য বিজেপির। দলের বঙ্গ ব্রিগেডের পক্ষে সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের মতো নেতৃত্ব। এমনকি এও জানা যাচ্ছে যে, আজ, বৃহস্পতিবারও দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচনি প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করবেন শমীকবাবুরা। এমনকি বৈঠক হতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনি কমিটির সঙ্গেও।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত ব্রিগেড সমাবেশের আগেই দফায় দফায় দলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা মোটেও সাধারণ কোনো বিষয় নয়। তাই প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকার একাংশ প্রকাশ করা নিয়ে চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, প্রার্থী তালিকায় প্রাধান্য পেতে পারেন মহিলা এবং তরুণরা। দলবদলু সকলের ভাগ্যে শিঁকে নাও ছিড়তে পারে।
  • Link to this news (বর্তমান)