• আলুর দামে ধস, চন্দ্রকোণায় কৃষকের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা
    দৈনিক স্টেটসম্যান | ১৩ মার্চ ২০২৬
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষকের নাম রাখাল আড়ি। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, এ বছর প্রায় চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন রাখাল। সেই চাষ করতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল। স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েই তিনি চাষ করেছিলেন বলে জানা গিয়েছে।

    রাখালের নিজস্ব জমি মাত্র দশ কাঠা। মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। পরিবার সূত্রের দাবি, মাঠ থেকে আলু ওঠা শুরু হতেই বাজারে দাম একেবারে পড়ে যায়। বর্তমানে আলুর দাম কুইন্টাল প্রতি প্রায় ৩২০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। ফলে উৎপাদন খরচের সামান্য অংশও উঠছে না বলে অভিযোগ কৃষকদের।

    এই পরিস্থিতি ঘিরে গত কয়েকদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মানসিক চাপে পড়েই রাখাল বাড়িতে কীটনাশক পান করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আলু চাষে বিপুল ক্ষতি এবং ঋণের বোঝার কারণেই এই ঘটনা ঘটেছে। কৃষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

    ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বাম ও ভারতীয় জনতা পার্টি শাসক দলকে কটাক্ষ করেছে। অন্যদিকে, এলাকার বিধায়ক অরূপ ধাড়া জানান, ‘রাখাল আমাদের দলের কর্মী ছিলেন। তাঁর পরিবারের পাশে আমরা সবরকমভাবে রয়েছি।’ পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)