আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। অপেক্ষা শুধুই দিন ঘোষণার। আর এরই মধ্যে বেসুরো গাইলেন এই তৃণমূল বিধায়ক।
তুললেন দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ। সেইসঙ্গে বিধানসভা ভোটের আগে দলীয় ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করলেন তমলুকের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। উল্লেখ্য, দু'দিন আগেই তাঁর নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সামনে নির্বাচন থাকলেও দল তাঁকে কাজে লাগাচ্ছে না। চারবারের বিধায়ক ও তিনবারের মন্ত্রী হওয়া সত্ত্বেও কেন তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন।
একইসঙ্গে তাঁর জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপির বিরুদ্ধে লড়াই কঠিন বলেও দাবি করেছেন তিনি। এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে কটু মন্তব্য করতে রাজি নন বলেও জানান রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। প্রসঙ্গত, তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
এদিন তাঁর স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্রও একই সুরে কথা বলেন। বিধায়ক হিসেবে দলীয় নেতৃত্বের তরফে ফোন বা বার্তাও পাচ্ছেন না বলে অভিযোগ করেন সৌমেন মহাপাত্র। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতুহল এবং নানা আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।