• ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদীর, প্রাণহানি নিয়েও উদ্বেগ
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • আরও জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলার পরে প্রত্যাঘাত করছে ইরানও। এর জেরে বাড়ছে প্রাণহানি। সেই সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতি। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেনদেণ মাসুদ পেজ়েশকিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বৃহস্পতিবারই ইরানের প্রেসিডেন্টকে ফোন করেন তিনি। সেখানে প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করার আবেদনও জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকেই যুদ্ধ শুরু হয়েছে ইরানে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার জেরে বন্ধ হরমুজ় প্রণালী (Strait of Hormuz)। এর জেরে জ্বালানি সঙ্কট গোটা বিশ্বে। এরই মধ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির (Abbas Araghchi) সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar )। তাতেই ভারতের জন্য জ্বালানি পরিবহনকারী জাহাজ চলার ছাড়পত্র পাওয়া গিয়েছে। এরই পাশাপাশি  ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন দিল্লি।

    এই নিয়েও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে যুদ্ধ (Iran conflict)শুরুর পরে এই প্রথম তাঁদের দু'জনের মধ্যে প্রথম সরাসরি কথা হয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এই কথা জানিয়েছেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমবর্ধমান শত্রুতা এবং সাধারণ নাগরিকের প্রাণহানির নিয়ে গভীর উদ্বিগ্ন তিনি। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং পণ্য ও জ্বালানির অবাধ পরিবহণ ভারতের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    ওই পোস্টে মোদী জানিয়েছেন, ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন তিনি। পশ্চিম এশিয়ায় যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে এবং একের পর এক হামলায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় যে ভাবে উত্তেজনার আবহে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি।’

    ইরানে (Iran) কাজ করেন অনেক ভারতীয়। যুদ্ধের আবহে ভারতের স্বার্থ রক্ষার পাশাপাশি পশ্চিম এশিয়ায় কর্মরত ভারতীয়দের (Indian Citizen) সুরক্ষাকেই সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, “ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সেইসঙ্গে পণ্য ও জ্বালানির অবাধ যাতায়াত নিশ্চিত করাই এখন ভারতের প্রধান অগ্রাধিকার।

    তবে ভারত কোনও ভাবেই যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার পক্ষপাতী ভারত তাও মনে করিয়ে দিয়েছেন মোদী। শান্তি ও স্থিতিশীলতার জন্য আলোচনা ও কূটনীতির পথে হাঁটার আহ্বান জানানো হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বলেও জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, গত কয়েক দিনে পশ্চিম এশিয়ার একাধিক দেশের প্রধান এবং নেতাদের সঙ্গেও কথা বলেছেন মোদী।

  • Link to this news (এই সময়)