এই সময়: সদ্য–প্রাক্তন রাজ্যপালের বিদায়ের আগে তাঁর সঙ্গে ‘অবিচার’ হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর নতুন রাজ্যপালের শপথের পরে তাঁর উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা, ‘বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।’ পূর্বসূরি সিভি আনন্দ বোসের (CV ANAND BOSE) বিদায়ের পরে বুধবারই বাংলায় পা রেখেছিলেন নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি (Governor Rabindra Narayan Ravi)। বৃহস্পতিবার রাজভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice of Calcutta High Court Sujoy Pal) তাঁকে শপথবাক্য পাঠ করান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আরএন রবি শপথ নেওয়ার পরে নতুন রাজ্যপালকে স্বাগত জানিয়ে ‘বাংলার ভালোবাসা’র প্রসঙ্গ পাড়েন মুখ্যমন্ত্রী। বাংলায় দায়িত্ব নেওয়ার দিনেই মুখ্যমন্ত্রীর এই বার্তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে রবির দুই পূর্বসূরি জগদীপ ধনখড় ও আনন্দ বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার ও দলের নেতাদের টানাপড়েন কিছু কম হয়নি। ধনখড় উপরাষ্ট্রপতি হয়ে বাংলা থেকে চলে যাওয়ার পরে বোসের সঙ্গে গোড়ায় রাজ্যের সম্পর্ক কিন্তু তুলনামূলক ভাবে ভালো ছিল। কিন্তু তারপরে ধারাবাহিক ভাবে নানা ইস্যুতে তাঁর সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। এমনকী, রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে পুলিশি অনুসন্ধান পর্যন্ত চলেছে। কিন্তু সেই বোসই মেয়াদ ফুরোনোর আগে হঠাৎ ইস্তফা দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা।
তামিলনাড়ুতে ক্ষমতায় রয়েছে তৃণমূলের বন্ধু এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার। গত কয়েক বছরে বোসের সঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তীব্র সংঘাত চলেছে, তেমনই তামিলনাড়ুতে রবির সঙ্গে টানাপড়েন চলেছে ডিএমকে সরকারের। সেই রবি বাংলায় আসার পরে তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতে মমতার এ দিনের মন্তব্যকে তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এ দিন দায়িত্ব নিয়েই সামাজিক মাধ্যমে বাংলায় পোস্ট করে রাজ্যের শিল্প-সংস্কৃতি এবং মনীষীদের শ্রদ্ধা জানান রবি। শেষে লেখেন, ‘আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি— তিনি যেন আমাকে জ্ঞান ও শক্তি দেন, যাতে আমি এই মহান বাংলার মানুষের সেবা সর্বান্তঃকরণে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।’ শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। রাজ্য বিজেপির গুটিকয় নেতাকে দেখা গেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যরা অনুষ্ঠানে গরহাজির ছিলেন। সূত্রের খবর, দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের কারণেই এ দিন তাঁরা অনুপস্থিত ছিলেন।
শপথগ্রহণের পরেই থ্রোন রুম থেকে বেরিয়ে ভিজি়টার্স রুমে চলে যান নবনিযুক্ত রাজ্যপাল। সেখানে চা চক্রের আয়োজন করা হয়েছিল। প্রথা অনুযায়ী, প্রতিবারই মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন রাজ্যপাল চা-চক্রে যোগ দেন। এ দিন তা হয়নি। তাই রাজ্যপাল চলে যাওয়ার পরে থ্রোন রুমেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যপালকে জানান মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলতে চান। রাজ্যপাল তাঁকে ভিজি়টর্স রুমে আহ্বান জানান। কিছুক্ষণ পরে রাজ্যপাল সস্ত্রীক থ্রোন রুমে চলে আসেন। মাঝ রাস্তায়, করিডরে তাঁদের দেখা হয়ে যায়। সেখানেই রাজ্যপালের সঙ্গে টুকটাক কথা হয় মমতার। প্রথমেই রাজ্যপালকে বাংলায় স্বাগত জানান তিনি। তার পরেই বলেন, ‘বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।’
মুখ্যমন্ত্রী জানান, বাংলা সংস্কৃতির জায়গা। রাজ্যপাল এবং তাঁর স্ত্রী লক্ষ্মী রবিকে বিশ্ববাংলার উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মমতা। লক্ষ্মীকে কাছে টেনে নিয়ে রাজ্যপালকে বলেন, ‘ভাবিজির সঙ্গে আমার আগেই আলাপ হয়ে গিয়েছে।’ উল্লেখ্য রাজ্যপালের শপথের আগেই লক্ষ্মী থ্রোন রুমে এসেছিলেন। তাঁর সঙ্গে মমতার আলাপ করিয়ে দেন মুখ্যসচিব। তখনই লক্ষ্মী-সহ রাজ্যপালের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মমতা।
ভোটমুখী রাজ্যে রবির সঙ্গে রাজ্যের সম্পর্ক কোন খাতে বয়, সেই দিয়ে নজর রয়েছে সব পক্ষেরই। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ক’দিন আগে মমতা জানিয়েছিলেন, ‘সিভি আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানো হয়েছে এবং লোকভবনকে বিজেপির দলীয় অফিস বানানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। আর নতুন যিনি আসছেন, তিনি (আর এন রবি) বিজেপির প্যারেড করা ক্যাডার।’ সেই রবিকে কি বাংলা ‘ভালোবাসবে’? মমতার বক্তব্য নিয়ে জল্পনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘আগের রাজ্যপাল সম্পর্কেও উনি (মমতা) বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন। আবার বিদায়ের পরে তিনিই হয়ে গেলেন সরকারের পছন্দের পাত্র! নতুন রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করবেন এবং সরকার তার ভূমিকা পালন করবে, সেটাই আমরা চাইব।’