• ‘চেহারা সাফ হোনা চাহিয়ে’, বঙ্গে বিজেপির প্রার্থী বাছাইয়ে এটাই শর্ত মোদীর
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • এই সময়: বাংলার বিধান‍সভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ‘বেঞ্চ মার্ক’ বেঁধে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Narendra Modi)। সেই শর্ত মেনে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রথম দফায় বাংলার ১৪৫টি বিধানসভা আস‍নে প্রার্থীর নাম চূড়ান্ত করে ফে‍লেছে বিজেপি (BJP)। দলের একটি সূত্রের দাবি, আগামী ১৪ মার্চ ব্রিগেডে মোদীর জনসভার দু’–একদিন পরেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে।

    বৃহস্পতিবার দিল্লিতে দফায় দফায় বাংলা ও কেরালার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লক্ষ্য, দুই রাজ্যের বিধা‍নসভা ভোটে প্রার্থী নির্বাচন সেরে ফেলা। রাতে বাংলার বিজেপি নেতাদের সঙ্গে নিজের বাড়িতে বৈঠকে বসেন নমো। সেখানে বঙ্গ–বিজেপির তিন শীর্ষ নেতা শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ছাড়াও অমিত শাহ, নীতিন নবীন, সুনীল বনসলরাও ছিলেন। সেখানে প্রার্থী কেমন হওয়া চাই, তা ব্যাখ্যা করতে মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, ‘চেহারা সাফ হোনা চাহিয়ে।’ অর্থাৎ, টিকিট প্রত্যাশীদের মধ্যে যারা স্বচ্ছ ভাবমূর্তির, তাঁদের পাল্লা আপাতত ভারী প্রধানন্ত্রীর বার্তার পরে।

    বুধবার রাতেই প্রার্থী ঝাড়াই–বাছাই নিয়ে বাং‍লার বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে বৈঠকে বসেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রায় সাত ঘণ্টা ধরে চলা সেই বৈঠকে বাংলার একশোরও বেশি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত হয়। তবে শুধু প্রার্থী তালিকাই নয়, নির্বাচনী প্রচারের রূপরেখা, স্লোগান, প্রচার কৌশল এবং সংগঠন শক্তিশালী করার পথ নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

    বুধবারের বৈঠকের পরে বৃহস্পতিবার দুপুরেও নাড্ডার বাসভবনে ফের বিজেপির উচ্চপর্যায়ের বৈঠক বসে। সূত্রের দাবি, এ দিন আরও পঞ্চাশটি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকের পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনেও বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকেই প্রথম দফার ১৪৫টি আসনের প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়েছে বলে বিজেপির একটি সূত্রের দাবি। সূত্রের দাবি, বৈঠকে নমো বলেন, ‘হামে সির্ফ গ্ল্যামার নেহি চাহিয়ে। জ়মিন অওর পার্টিসে জুড়া হুয়া তজুরবাকার নেতাওকে উপর ভরোসা রাখিয়ে৷ বাঙ্গালমে কমল ওহি খিলায়েঙ্গে।’ বঙ্গ–বিজেপির পুরোনো বিধায়কদের নিজের পুরোনো কেন্দ্রেই ফের প্রার্থী রাখার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

  • Link to this news (এই সময়)