এক রাতের প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিভিন্ন অঞ্চল। ঝড়ের তাণ্ডবে বহু বাড়ির চাল উড়ে গেছে, কোথাও আবার সম্পূর্ণ বা আংশিকভাবে ভেঙে পড়েছে বসতবাড়ি।
সুপ্রিম কোর্টের DA রায়ের কার্যকরের দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠনের। সেই দাবি নিয়েই খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের কয়েকজন সদস্য। কাজে যোগ দিতে আসা সরকারি কর্মীদের তারা বাধা দেয় বলে অভিযোগ। তাতেই ছড়ায় উত্তেজনা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গাড়ির সঙ্গে মোরবাইকের মুখোমুখি ধাক্কায় ৪ নাবালকের মৃত্যু ঝাড়খণ্ডের চাতরা জেলায়। পুলিশ শুক্রবার জানিয়েছে, দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে, পিপারওয়াড়-তান্ডোয়া রোডের চিরাইটাঁড় এলাকায়। মৃতদের বয়স ১৪-১৭ বছরের মধ্যে। তাদের বাড়ি স্থানীয় বারাডিহি এলাকায়। পুলিশ জানিয়েছে, গাড়িটি বাছরার দিক থেকে আসছিল।
পূর্ব দিল্লি অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে বড়সড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস। অভিযানে ২১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা-সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারি ও সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য মাদক পাচারের কাজে যুক্ত ছিল। তদন্তে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও পতনের মুখে দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খুলতেই সেনসেক্স কমেছে ৬০৮ পয়েন্ট বা ০.৮০ শতাংশ। নিফটি৫০ কমেছে ১৮৯ পয়েন্ট।
তামিলনাড়ুর শিবকাশীতে আবারও বিস্ফোরণ। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর। তামিলনাড়ুর শিবকাশীর সামিনাথম এলাকায় অবস্থিত শ্রী কালিশ্বরী ফায়ারওয়ার্কস প্রাইভেট লিমিটেড কারখানার কেমিক্যাল মিক্সিং রুমে বৃহস্পতিবার রাতে প্রায় রাত ৯টা ৩০ মিনিট নাগাদ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শিবকাশী ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে সেটিকে কারখানার আশপাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়া থেকে রুখে দেন বলে জানিয়েছে ফায়ার রেসকিউ বিভাগ। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কলকাতায় আজ শুক্রবার ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে শনিবার রাতের পর আবার জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ ও কাল কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়বে।