• খাবার বন্ধ হয়ে যাবে আইআইটি পড়ুয়াদের? আশঙ্কায় জেলাশাসকের দ্বারস্থ কর্তৃপক্ষ
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • রান্নার গ্যাসের সঙ্কটে খড়্গপুর আইআইটি। দেশের প্রাচীনতম আইআইটির পড়ুয়াদের খাবার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা। এই আশঙ্কায় এ বার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দ্বারস্থ হলেন আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ।এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণাকে চিঠি দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষর তরফে। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে তাতে। উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের ((West Midnapore) জেলাশাসক বিজিন কৃষ্ণা।

    উল্লেখ্য, আইআইটি খড়্গপুরের ২৫টি রেসিডেন্সিয়াল হলে প্রায় ১৫ হাজার পড়ুয়া (Students) রয়েছেন। তাঁদের দু'বেলা খাবার, টিফিন তৈরির জন্য প্রতিটি হলেই রয়েছে ক্যান্টিন। ভেজ এবং নন ভেজ মিল ছাড়াও পড়ুয়াদের দাবি মতো বিভিন্ন পদের রান্না করা হয় সেখানে। সেই জন্য প্রতি দিন গড়ে প্রায় ১০০টি গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) প্রয়োজন হয়। সব থেকে বেশি সিলিন্ডার ব্যবহার হয় লাল বাহাদুর শাস্ত্রী হলে।

    কিন্তু এখন দেশ জুড়ে জ্বালানি এবং গ্যাসের সঙ্কটের (LPG Crisis) জেরে আশঙ্কার মধ্যে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।

    কারণ, আইআইটি ক্যাম্পাসে যে গ্যাসের গোডাউন রয়েছে, সেখানে আর গ্যাস সিলিন্ডারের মজুত নেই বলে জানা গিয়েছে। তারা ইতিমধ্যেই আইআইটি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে প্রতি দিন তাদের পক্ষে সিলিন্ডার দেওয়া সম্ভব নয়। ক্যাম্পাসে থাকা বি সি রায় হাসপাতালের জন্য অবশ্য চারটি সিলিন্ডার মজুত রাখা হয়েছে।

    আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ওই হলগুলিতে সিলিন্ডারের প্রয়োজন। তার ব্যবস্থা করে না দিলে প্রায় ১৫ হাজার পড়ুয়ার মিলের সমস্যা হবে। তাঁরা এখন দু'বেলা খাবার পাবেন কী না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন,আইআইটি খড়্গপুরের এই সমস্যা সমাধানের জন্য ডিলারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এজেন্সিগুলির সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    তবে, শুধুমাত্র আইআইটিতেই নয়, জেলায় অনেকগুলি স্কুলের হস্টেল (Hostel) রয়েছে। সেখানেও গ্যাস সিলিন্ডারের প্রয়োজন। এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক।

  • Link to this news (এই সময়)