বৃহস্পতিবার বিকেলে অকাল বৃষ্টিতে ভাসল কলকাতা লাগোয়া কিছু এলাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ছ’টি জেলায় বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। তবে, ফের হাওয়া বদল হতে চলেছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট বলছে, শুক্রবার এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, রবিবার থেকে ফের এক দফা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলার বাতাসে। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তবে পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূলের জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। রবিবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই দু’দিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়-বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও রবিবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
কলকাতায় শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে শনিবার রাতের পরে নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। এর প্রভাবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। এ দিকে আগামী দু’দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়বে। রবিবারের পর আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।