• শনিবার ব্রিগেডে মোদী, কোন রাস্তার কী অবস্থা থাকবে? ট্র্যাফিক আপডেট রইল
    আজ তক | ১৩ মার্চ ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কলকাতায় আসছেন। শহরের ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচিকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    কী কী কর্মসূচি রয়েছে
    এই সফরে প্রধানমন্ত্রী দুটি প্রধান কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমত, ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে একটি জনসভায় ভাষণ দেবেন। পাশাপাশি সড়ক পরিকাঠামো, রেল, বন্দর ও জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    পরিবর্তন যাত্রার সমাপ্তি সভা
    এই জনসভাটি মূলত বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ পর্ব হিসেবে আয়োজন করা হচ্ছে। বিজেপির নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে এই কর্মসূচি চালিয়েছিলেন। দলের দাবি, পরিবর্তন, ন্যায়বিচার ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই এই প্রচারাভিযান সংগঠিত হয়েছে।

    যান চলাচলে নিয়ন্ত্রণ
    পুলিশ জানিয়েছে, ব্রিগেডের আশপাশে সাধারণভাবে যান চলাচলের ওপর বড় কোনও নিষেধাজ্ঞা থাকবে না। তবে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় কিছু রাস্তায় সাময়িক নিয়ন্ত্রণ করা হতে পারে। বিশেষ করে খিদিরপুর দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যাতায়াত করবে বলে জানা গেছে। এছাড়াও লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ডাফরিন রোড এবং কুইনস ওয়েতে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রিত হতে পারে।

    জনসভায় আসবে বিপুল ভিড়
    পুলিশের অনুমান, শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এই সভায় যোগ দিতে আসবেন। অনেক বিজেপি কর্মী ট্রেনে করে শহরে পৌঁছাতে পারেন। ফলে শিয়ালদা এবং হাওড়া থেকে অনেকেই পায়ে হেঁটে সভাস্থলের দিকে যেতে পারেন বলে অনুমান করছে পুলিশ।

    পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা
    জনসভায় আসা গাড়ির জন্য ময়দানের আশপাশে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এই ব্যবস্থায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকরণ এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা মোতায়েন থাকবেন।

     
  • Link to this news (আজ তক)