এই সময়: একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক জনকে ফাঁসি এবং বাকি ২৫ জনকে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছিল আরামবাগ আদালত (Arambagh Court)। নিম্ন আদালতের সেই রায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) খারিজ করে এক দোষীর ফাঁসির সাজা পাল্টে তাঁকে যাবজ্জীবন জেল দিয়েছে এবং যাবজ্জীবন সাজা পাওয়া সকলকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে।
২০১১ সালে ডিসেম্বরে গোঘাটের (Goghat) একটি স্কুলের পরিচালন কমিটির নির্বাচনে গোলমালকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা শুরু হয়। শেখ নইমউদ্দিন নামে এক ব্যক্তিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলদেব পালকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় আরামবাগ আদালত, সেই সঙ্গে অন্য ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায় হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলে আবেদনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, উদয়শঙ্কর চট্টোপাধ্যায়রা দাবি করেন, তদন্তে বিস্তর ফাঁকফোকর থাকা সত্ত্বেও নিম্ন আদালত অভিযুক্তদের সাজা দিয়েছে।
হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অর্পূব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায় খারিজ করতে গিয়ে জানায়, প্রথমত, নিরপেক্ষ সাক্ষীদের নেওয়া হয়নি, যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁর রাজনৈতিক ভাবে একটি পক্ষের প্রতি দায়বদ্ধ। যে রিভলভার থেকে গুলি ছোড়া হয়েছিল, তা পুলিশ উদ্ধার করতে পারেনি। এমনকী, নিহতের দেহ থেকে যে চিকিৎসক গুলি বার করেছিলেন, সেই চিকিৎসক সাক্ষ্য দেওয়ার সময়ে তাঁকে যে গুলি দেখানো হয়, সেটা নিহতের দেহ থেকে বার হওয়া গুলি নয় বলে তিনি দাবি করেছেন। কোনও ব্যালিস্টিক রিপোর্ট মামলায় যুক্ত করা হয়নি। এমন বহু ত্রুটির কথা উল্লেখ করে এ দিন হাইকোর্ট এক জনের সাজা কমায়, বেকসুর খালাস করে দেয় অন্যদের।