• দমদম, আগরপাড়া, বেলঘরিয়ায় পরপর দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে ভোগান্তি যাত্রীদের
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • শিয়ালদহ মেন শাখায় ট্রেন (Sealdah Train) চলাচলে বিঘ্ন। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। দমদম, আগরপাড়া, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ঘটনার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফে কোনও কারন জানানো হয়নি।এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নেওয়া হচ্ছে।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর বিবাদী বাগ লোকাল। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশনে কোনও ঘোষণা করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে পড়েন এবং বিকল্প পথের খোঁজ করতে শুরু করতে থাকেন।

    জানা গিয়েছে, আগরপাড়া স্টেশনের দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদহগামী ডাউন লাইনের ট্রেন চলাচল করে। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়ায় সেই লাইনে একের পর এক ট্রেন আটকে যায়। যদিও দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল আংশিকভাবে চালু ছিল। কিন্তু সেখানে বাড়তি যাত্রীচাপ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেক যাত্রী ভিড়ের কারণে ট্রেনে উঠতেই পারেননি বলেও অভিযোগ আসে যাত্রীদের থেকে।

    শুধু ডাউন লাইনই নয়, আপ লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল। তার পিছনেও একাধিক ট্রেন আটকে পড়ে। ব্যস্ত সময়ে শিয়ালদহ মেন শাখায় ডাউন লাইনের ট্রেনগুলিতে সাধারণত বেশি ভিড় থাকে। সেই সময়ে এই বিপর্যয়ের জেরে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।

    রেল সূত্রে খবর, বেলঘরিয়া স্টেশনে আপ প্ল্যাটফর্মে ঢোকার মুখে হোম সিগন্যাল বিভ্রাটের ফলে এই সমস্যা তৈরি হয়। সকাল ১০ টার পর থেকে বিষয়টি লক্ষ্য করা যায়। সিগন্যাল বিভ্রাট অব্যাহত। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌছেছেন। মেরামত করার কাজ চলছে।

    পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান,  বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)