• আত্মসমর্পণ করল কোটি টাকা লুটের কিংপিন পৃথ্বীরাজ
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • এই সময়, আসানসোল: এক কোটি লুটের ঘটনায় এক লক্ষ টাকা মূল অভিযুক্ত রূপনারায়ণপুরের পৃথ্বীরাজ অসওয়াল আর রেহাই পেল না। প্রায় দেড় বছর পলাতক থাকার পরে দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Subdivision Court) আত্মসমর্পণ করলেও তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে সিআইডি (CID) গ্রেপ্তার করে। বুধবার পৃথ্বীরাজের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২০২৪-এর ৫ সেপ্টেম্বর দুর্গাপুর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের পিয়ালা কালীমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, দিল্লির লাজপতনগরের বাসিন্দা ব্যবসায়ী মুকেশ চাওলার গাড়ি আটকে এক কোটি এক লক্ষ টাকা লুট করা হয়। ওই দিন রূপনারায়ণপুর থেকে কলকাতায় টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি।

    এমনকী লুটের এই ঘটনায় পুলিশের গাড়ি ব্যবহারের অভিযোগও ওঠে। ঘটনার পরে দুর্গাপুর থানায় এফআইআর দায়ের করেন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়ায় দুর্গাপুর থানার এক এএসআই অসীম চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআইডির জওয়ান চন্দন চৌধুরী এবং পুলিশের ডিআইবি বিভাগের বরখাস্ত হওয়া প্রাক্তন অফিসার মৃত্যুঞ্জয় সরকারকেও গ্রেপ্তার করে পুলিশ। এর পাশাপাশি গ্রেপ্তার করা হয় দুর্গাপুরের সুরজকুমার রাম ও সুভাষ শর্মা, সালানপুর থানা এলাকার জোড়বাড়ির বাসিন্দা রাজু দত্ত, রূপনারায়ণপুরের মহাবীর কলোনির গৌতম চট্টোপাধ্যায়, আছড়ার বাসিন্দা অগাস্টিন মেসি, উত্তরপ্রদেশের মনোজকুমার সিং ও গোরক্ষপুরের অজয় যাদব, পূর্ব মেদিনীপুরের মধুসুদন বাগ এবং রাঁচির অঙ্কিত সিংকেও। পৃথ্বীরাজের বাবা রামনারায়ণ অসওয়াল-সহ একাধিক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

    তবে ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পৃথ্বীরাজ অসওয়াল পুলিশের চোখ এড়িয়ে পলাতক ছিল। অভিযোগ, সে দেশ ছেড়ে নেপালেও আশ্রয় নিয়েছিল। এ সময়ে তার বাড়িতে একাধিক বার পুলিশ তল্লাশি চালায়। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়, পরে তিনি জামিন পান। প্রায় ২৩ মাস পলাতক থাকার পরে অবশেষে সিআইডির চাপ বাড়তে থাকায় মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে পৃথ্বীরাজ। এর আগে সে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয়। এ দিকে, পৃথ্বীরাজের রূপনারায়ণপুর এলাকায় থাকা একাধিক ব্যবসা সংক্রান্ত সম্পত্তি ইতিমধ্যে পুলিশ বন্ধ করে দিয়েছে। পিঠাকিয়ারিতে তার বিশাল বাড়িটিও ক্রোক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)