• অফিসের ব্যস্ত সময়ে শিয়ালদহ মেন লাইনে বিভ্রাট
    আজকাল | ১৩ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার সকালে মেন লাইনে বিভ্রাট। লোকাল ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। জানা গিয়েছে, আগরপাড়া, বেলঘরিয়া স্টেশন থেকে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। কিন্তু কেন এই সমস্যা তা এখনও জানা যায়নি। অফিসের ব্যস্ত সময়ে দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। বিকল্প পথে কর্মক্ষেত্রের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।

    জানা গিয়েছে, শুক্রবার সকালে আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় ব্যারাকপুর–বিবাদি বাগ লোকাল। যাত্রীদের অভিযোগ, কী কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে তা নাকি স্টেশনে ঘোষণা করেনি। এটা ঘটনা, দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদহগামী ডাউন লাইনের ট্রেন চলে। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়লেও অবশ্য দুই নম্বর প্ল্যাটফর্মে চালু রয়েছে। তবে সেখানকার ট্রেনে বাড়তি চাপ পড়ছে। স্টেশনে যাত্রীদের ভিড়ও বাড়ছে। যাত্রীদের অভিযোগ, চার নম্বর লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যাত্রীদের অভিযোগ রেলের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

    ডাউনের পাশাপাশি আপ লাইনেও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী এসি লোকাল। তার পিছনে ওই লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে যাত্রীদের অভিযোগ। কিন্তু কেন এই সমস্যা তা এখনও জানা যায়নি। তবে সর্বশেষ খবর অনুযায়ী রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালিং সমস্যার জন্য এই বিভ্রাট। যা কিছুক্ষণের মধ্যেই মিটে যাবে। 

    এটা ঘটনা, সপ্তাহান্তে প্রায়ই ইন্টারলকিং কাজের জন্য বিভিন্ন শাখায় রেল চলাচল বন্ধ থাকে। এর জন্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়। অবশ্য রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা আগেই জানিয়ে দেওয়া হয়। এবার শুক্রবার সকাল সকাল দেখা দিল সমস্যা। 
  • Link to this news (আজকাল)