• চতুর্থ বার ইরান বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্করের, ফের হরমুজ়ে সমস্যা?
    এই সময় | ১৩ মার্চ ২০২৬
  • পশ্চিম এশিয়ার যুদ্ধের ১৪তম দিনেও অব্যাহত উত্তেজনা। এমন পরিস্থিতিতে চতুর্থ বার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (Abbas Araghchi)-র সঙ্গে টেলিফোনে কথা বলেন। সাউথ ব্লক সূত্রে খবর, পশ্চিম এশিয়ার সংঘাতের মাঝেই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

    সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংঘাত ক্রমশ বাড়তে থাকায় দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন। ফোনালাপে ইরানের বিদেশমন্ত্রী আমেরিকা ও ইজ়রায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানান এবং আন্তর্জাতিক মহলকে এ বিষয়ে সরব হওয়ার আহ্বান জানান। জবাবে ভারতের বিদেশমন্ত্রী জানান, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন এবং সংঘাত কমাতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।

    এ ছাড়া আলোচনায় সামুদ্রিক বাণিজ্যপথের নিরাপত্তা, বিশেষ করে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ় প্রণালী নিয়ে উদ্বেগের বিষয়টিও উঠে আসে। এই পথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহণ হয়, ফলে সংঘাত বাড়লে বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    উল্লেখ্য, বৃহস্পতিবারই হরমুজ়ে ভারতীয় ভেসেলকে সবুজ সঙ্কেত দিয়েছে ইরান। তাই সংঘাতের উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগে নয়াদিল্লিও। কেন্দ্র গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে খবর। একইসঙ্গে পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বজায় রাখছে বিদেশ মন্ত্রক।

  • Link to this news (এই সময়)