• EVM-এ সঠিক জায়গায় ভোট পড়বে তো? কীভাবে বুঝবেন? হাতে-কলমে শেখাল কমিশন
    আজ তক | ১৪ মার্চ ২০২৬
  • এবারের নির্বাচন হবে হিংসা ও চাপমুক্ত, পশ্চিমবঙ্গ ঘুরে এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সংগঠিত করতে, নিজের ভোট নিজে দেওয়ার জন্য ভোটারদের সিদ্ধহস্ত করে তুলতে তাই এবার বিশেষ উদ্যোগ। ভিডিও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে কমিশন হাতে-কলমে দেখিয়ে দিচ্ছে কী ভাবে একজন ভোটার ভোট দেবেন। 

    EVM-এর বোতাম টেপার পর অনেকেরই প্রশ্ন থাকে, বেছে নেওয়া প্রার্থী ও প্রতীকেই ভোটটা পড়ল তো? সেই বিভ্রান্তি দূর করতে ভোটের অনেক আগে থেকেই ভোটারদের ট্রেনিং দেওয়া শুরু করল নির্বাচন কমিশন। ধাপে ধাপে সমস্ত পদ্ধতি স্পষ্ট করে দিচ্ছেন কমিশনের কর্মীরা। দেখে নিন সেই স্টেপ বাই স্টেপ গাইড...

    কীভাবে ভোট দেবেন একজন ভোটার?
    ধরুন আপনি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। হাতে অবশ্যই থাকতে হবে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ। তারপর? ভোটকেন্দ্রে ঢুকে যেভাবে ভোট দেবেন, সেই পদ্ধতিগুলি হল-
    > ভোটকেন্দ্রে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ মিলিয়ে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। পোলিং অফিসার এবং পোলিং এজেন্টের সম্মতি মিললে তবে EVM পর্যন্ত পৌঁছতে পারবেন একজন ভোটার।
    > শুধু EVM নয়, ভোটকেন্দ্রের ভিতর ৩টে ইউনিট থাকবে। কন্ট্রোল ইউনিট, VVPAT এবং ব্যালোট ইউনিট।
    > কন্ট্রোল ইউনিট থাকে পোলিং অফিসারের কন্ট্রোলে। 
    > ব্যালোট ইউনিট এবং VVPAT থাকবে ভোটারের কন্ট্রোলে।
    > পোলিং অফিসার প্রথমে ব্যালট বাটন প্রেস করবে। তারপর সেটি অ্যাক্টিভ হবে, লাল আলো জ্বলবে। একইসঙ্গে ব্যালট ইউনিটে সবুজ লাইট জ্বলে উঠবে ঘেরা ঘরের ভিতর। 
    > ভোটার এরপর সেই ঘেরা অংশে গিয়ে EVM-এ পছন্দসই প্রার্থী ও প্রতীকের পাশের বাটন প্রেস করবেন। 
    > এরপরই VVPAT-এ আলো জ্বলে উঠবে, ভিতরে দেখা যাবে আপনি যাঁকে ভোট দিলেন তাঁর সচিত্র পরিচয় ও প্রতীক। সেটি ৭ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে দেখা যাবে। সঙ্গে ততক্ষণই বাজবে একটি বিপ শব্দ। এই শব্দ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই VVPAT-এর স্লিপ কেটে ভিতরে পড়ে যাবে। অর্থাৎ আপনার ভোট সম্পন্ন হয়েছে এবং সঠিক জায়গায় পড়েছে।

    > বাটন প্রেস করা প্রার্থী ও প্রতীকের নাম VVPAT-এর স্লিপে দেখা না গেলে বুঝতে হবে EVM-এ অসঙ্গতি বা ত্রুটি রয়েছে।

    নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, একজন ভোটার কাকে ভোট দেবেন তা তিনি নিজে দাঁড়িয়ে দেখতে পাবেন। ফলত স্বচ্ছ ভোট হবে বলেই আশাবাদী জ্ঞানেশ কুমারের টিম। এখন দেখার ছাব্বিশের নির্বাচনে কতটা অবাধ ও সুষ্ঠু ভোট হয়। 
     

     
  • Link to this news (আজ তক)