• গ্যাস সঙ্কটে কাঠের উনুনে রান্না আইআইটি খড়্গপুরে, পরিবর্তন মেনুতেও
    এই সময় | ১৪ মার্চ ২০২৬
  • গ্যাসের সঙ্কট আইআইটি খড়্গপুরে। পড়ুয়াদের চার বেলা খাবার দিতে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সমস্যা মেটাতে শুরু হয়েছে কাঠের উনুনে রান্না। ‘বিকল্প’ এই ব্যবস্থায় পরিবর্তন করা হয়েছে মেনুতে। কিন্তু কত দিন এই ভাবে রান্না করা যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও আগামী দিনেও কাঠের উনুনে রান্না করতে সমস্যা হবে না বলে দাবি করেছেন খড়্গপুর আইআইটির (IIT Kharagpur) ডিরেক্টর সুমন চক্রবর্তী।

    দেশজুড়েই দেখা দিয়েছেএলপিজি-সঙ্কট (LPG Crisis)। একই সমস্যা দেশের প্রাচীনতম আইআইটিতে। সেখানে ২৫টি রেসিডেন্সিয়াল হলে থাকেন প্রায় ১৫ হাজার পড়ুয়া। এই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে (Hostel) রান্নার জন্য প্রতিদিন লাগে ১০৪টি গ্যাস সিলিন্ডার। কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে না। সমস্যা মেটাতে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলাশাসক বিজিন কৃষ্ণার হস্তক্ষেপ চেয়েছেন আইআইটি কর্তৃপক্ষ।

    কিন্তু যত দিন না এই সমস্যা মেটাতে তত দিন অন্য পদক্ষেপ করা হয়েছে। পড়ুয়ার (Students) খাবারের বন্দোবস্ত করতে এখন ‘বিকল্প’ ব্যবস্থায় কাঠের (wood) জ্বালানি ব্যবহার করতে শুরু করেছেন খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ।

    হস্টেলগুলির ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানিয়েছেন, যে পরিমাণ গ্যাস সিলিন্ডার আছে, তাতে খুব বেশি হলে ৪-৫ দিনের রান্না করা সম্ভব হবে। পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সে জন্য কাঠের উনুনে রান্না শুরু হয়েছে। যদিও এই জন্য পরিবর্তন করতে হয়েছে মেনুতে (food menu)।

    খড়্গপুর আইআইটির মদনমোহন মালব্য হলের ক্যান্টিনের কর্মী পঙ্কজ কুমার বলেন, ‘গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না আশঙ্কা করেই আমরা অতিরিক্ত কাঠের ব্যবস্থাও করে রেখেছি। কাঠের উনুনে রান্না হলে আমরা ভাত, সব্জি, ডাল দিতে পারব। তবে রুটি তৈরির ক্ষেত্রে সমস্যা হবে। এরই সঙ্গে বিভিন্ন পদেও কাটছাঁট করা শুরু হয়েছে।’ বাধ্য হয়েই ভাজাভুজি জাতীয় খাবার বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

    আইআইটির হস্টেলগুলিতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। ব্রেকফাস্ট এবং রাতের খাবারে সংখ্যাগরিষ্ঠ পড়ুয়ারাই রুটি পছন্দ করেন। সে ক্ষেত্রে আগামী দিনে পুরোপুরি কাঠের উনুনে রান্না শুরু হলে সমস্যা দেখা দিতে পারে বলেও জানিয়েছেন ক্যান্টিনের কর্মীরা।

    যদিও, তা মানতে রাজি নন খড়্গপুর আইআইটির ডিরেক্টর । তিনি বলেন, ‘এখনও অবধি সমস্যা হয়নি। তবে, পরিস্থিতির কথা ভেবে আমরা বিকল্প হিসেবে কাঠের উনুনও প্রস্তুত করে রেখেছি।’ মজুত থাকা গ্যাস সিলিন্ডার কিছুটা বাঁচিয়ে রাখতেই শুক্রবার থেকে কিছু রান্না কাঠের উনুনে শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে কাঠের উনুনে সমস্ত রান্নাই করা সম্ভব বলেও দাবি ডিরেক্টরের।

  • Link to this news (এই সময়)