এই সময়: আজ, শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) জনসভা। সে কথা মাথায় রেখে শহরে গাড়ি চলাচল সচল রাখতে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। সভায় যোগ দিতে হাওড়া–শিয়ালদহ থেকে মিছিল করে অনেকেই ব্রিগেডে আসবেন। যাঁদের সঙ্গে গাড়ি থাকবে, তাঁদের জন্য নির্দিষ্ট পার্কিং জোন করা হয়েছে।
সূত্রের খবর, ব্রিগেডের আশপাশে যে সব রাস্তা দিয়ে মিছিল আসবে, তার পাশে ৫০টি পুলিশ পিকেট করা হচ্ছে। প্রত্যেক পিকেটে থাকছে ৪ থেকে ৬ জন পুলিশকর্মী এবং আধিকারিকরা। প্রধানমন্ত্রীর মূলমঞ্চ এবং তার বাইরে অন্তত চারটি নিরাপত্তা বলয় থাকছে। সভার আশপাশের অঞ্চল ‘নো ফ্লাইং জোন’ হওয়ায় ড্রোন ওড়ালেও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানিয়েছে লালবাজার। ময়দানের আশপাশের বহুতলের ছাদ থেকেও থাকবে পুলিশের কড়া নজরদারি।
যান চলাচল স্বাভাবিক রাখতে এসপ্ল্যানেড, কে পি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। ময়দান–ধর্মতলা এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডের বিভিন্ন জায়গায় ব্রিগেডে আসা গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়েছে পুলিশ। সেখানে গাড়ি রাখতে হবে।
প্রধানমন্ত্রীর সভায় বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বরাও থাকবেন। এসপিজি নিরাপত্তার (SPG Security) পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। জানা গিয়েছে, শুধুমাত্র ধর্মতলা এবং ময়দান চত্বরেই প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। এই নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বে থাকছেন অতিরিক্ত ডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমাকার। কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। চার থেকে পাঁচটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন যুগ্ম পুলিশ কমিশনার। এই দলে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারেরাও।