এই সময়, নয়াদিল্লি: ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ (Cash for Questions) বিতর্কে দায়ের হওয়া মামলার তদন্তে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (TMC Mahua Maitra) জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই (CBI)৷ এই ইস্যুতে শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে লোকপালের তরফে দায়ের করা মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে৷
সিবিআইয়ের এই আর্জি শুনে প্রধান বিচারপতির বেঞ্চের তরফে জানানো হয়, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকপাল আইনে উল্লিখিত আলাদা করে চার্জশিট পেশ এবং প্রসিকিউশন সংক্রান্ত ক্ষমতা আগে খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত৷ এই মর্মেই সিজেআই সূর্য কান্ত এবং বিচারপতি বাগচী জানান, লোকপাল আইনের কয়েকটি ধারা পরস্পরের সঙ্গে পুরোপুরি সম্পর্কযুক্ত মনে হলেও চার্জশিট দাখিল এবং প্রসিকিউশনের মধ্যে ফারাক আছে৷ এই কারণেই তাঁরা চাইছেন, গোটা আইনটি খতিয়ে দেখতে৷ এর পরেই দেশের শীর্ষ আদালতের তরফে দেওয়া অন্তবর্তী নির্দেশে জানানো হয়, দিল্লি হাইকোর্টের রায় মেনে আপাতত প্রসিকিউশন অনুমোদন সংক্রান্ত কোনও পদক্ষেপ করতে পারবেন না লোকপাল৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নোটিস জারি করে তাঁর বিস্তারিত জবাব তলব করেছে আদালত৷ ৪ মে হবে এই মামলার পরবর্তী শুনানি৷
উল্লেখ্য, এর আগে মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে৷ সংসদের এথিক্স কমিটির সিদ্ধান্তে সাংসদ পদ হারাতে হয়েছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে৷ কয়েক মাসের মধ্যেই নিজের পুরোনো কৃষ্ণনগর আসন থেকে ২০২৪–এর লোকসভার ভোটে জিতে ফের সংসদে ফিরে আসেন মহুয়া৷ এদিন সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী নিধেষ গুপ্তা৷ লোকপালের তরফে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী রঞ্জিত কুমার৷