নির্বাচন কমিশনের তারিখ ঘোষণার আগেই বঙ্গের রাজনৈতিক ময়দানে ভোট উত্তেজনা তুঙ্গে। শনিবার ভোটমুখী বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের ঘোষণার পাশাপাশি ব্রিগেডে BJP-র মেগা জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনের আগেই নিরাপত্তার কড়াকড়ি শহর জুড়ে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। তা নিয়ে আগাম বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। এ দিন বাইরে বের হলে শহরের কোন রাস্তাগুলি এড়িয়ে চলবেন দেখে নিন।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়েতে সকাল থেকেই নিয়ন্ত্রিত ভাবে গাড়ি চলবে। এ ছাড়াও হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোডের মোড় পর্যন্ত এজেসি বোস রোড এবং খিদিরপুর রোডেও যান চলাচলে বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজন মতো অন্যান্য রাস্তাতেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ট্র্যাফিক পুলিশ। ভিভিআইপি মুভমেন্ট এবং মিছিলের সময়েও পরিস্থিতি বুঝে গাড়ি ঘোরানো হতে পারে। সাময়িক বন্ধ হতে পারে ট্রাম চলাচলও। যান চলাচল স্বাভাবিক রাখতে এসপ্ল্যানেড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এক নজরে যে সব রাস্তায় যান নিয়ন্ত্রণ-
ব্রিগেডে সভা হওয়ার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকাগুলিতে কোনও ধরনের যানবাহন পার্ক করা যাবে না। এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথেড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও লাভার্স লেনে গাড়ি পার্কিংয়ে এ দিন নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। তবে ব্রিগেডে আসা গাড়ি পার্কিংয়ের জন্য ময়দান–ধর্মতলা এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়েছে পুলিশ। সেখানেই গাড়ি রাখতে হবে।
প্রশাসন সূত্রে খবর, ব্রিগেডের আশপাশে যে সব রাস্তা দিয়ে মিছিল আসবে, তার পাশে ৫০টি পুলিশ পিকেট করা হচ্ছে। প্রত্যেক পিকেটে থাকছে ৪ থেকে ৬ জন পুলিশকর্মী এবং পুলিশের অফিসাররা। প্রধানমন্ত্রীর মূলমঞ্চ এবং তার বাইরে অন্তত চারটি নিরাপত্তা বলয় থাকছে। সভার আশপাশের অঞ্চল ‘নো ফ্লাইং জোন’ হওয়ায় ড্রোন ওড়ালেও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানিয়েছে লালবাজার।