ব্রিগেডে PM মোদীর সভা, আজ শহরের কোন কোন রাস্তা বন্ধ থাকছে? জেনে নিন
আজ তক | ১৪ মার্চ ২০২৬
আজ, শনিবার ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক দুপুর ১টার পরেই ব্রিগেড ময়দানে হাজির হতে পারেন নমো। তার বহু আগে থেকেই কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। জরুরি প্রয়োজনে আজ রাস্তায় থাকলে, কোন কোন রোড এড়িয়ে চলতে হবে, বুঝে নিন।
১৪ মার্চ, ২০২৬ তারিখে ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা কলকাতা পুলিশ এলাকায় পণ্যবাহী ট্রাক বা লরি, গাড়ি চলাচল করতে পারবে না। তবে ছাড় রয়েছে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল/লুব্রিকেন্ট, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফলমূল, মাছ এবং দুধের গাড়ির ক্ষেত্রে।
পার্কিং নিষিদ্ধ থাকছে একাধিক এলাকায়
শনিবার ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় পার্কিং-ও নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশেপাশে, এ.জে.সি. বোস রোড (মাঝখানে হেস্টিংস ক্রসিং এবং ক্যাথেড্রাল রোড), খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথেড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ ও লাভার্স লেনে পার্কিং নিষিদ্ধ।
প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
এছাড়াও, কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ মার্চ, ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, সমাবেশ এবং ভিআইপি রুটের কারণে, কলকাতা পুলিশ প্রয়োজন মতো যানবাহন চলাচল বন্ধ করতে পারে। আবার প্রয়োজনে যানবাহন অন্যান্য রাস্তায় ডাইভার্ট করা হতে পারে। যার জেরে ট্রাম সহ অন্যান্য যানবাহন প্রভাবিত হতে পারে। প্রয়োজনে, ট্রাফিক পুলিশ প্রধান এবং ছোট রাস্তা থেকে ট্র্যাফিক ডাইভার্ট করতে পারে।
উল্লেখ্য, জনসভায় আসা গাড়ির জন্য ময়দানের আশপাশে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকরণ এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা মোতায়েন থাকবেন। পুলিশের অনুমান, শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এই সভায় যোগ দিতে আসবেন। শিয়ালদা এবং হাওড়া থেকে অনেকেই পায়ে হেঁটে সভাস্থলের দিকে যেতে পারেন। ফলে ট্র্যাফিকে বিঘ্ন হতে পারে।