এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। ভোটের দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে জনসংযোগ বাড়াতে ‘পরিবর্তন যাত্রা’র আয়োজন করেছে BJP। সেই উপলক্ষে ইতিমধ্যেই শহরে এসেছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, BJP-র শীর্ষ স্থানীয় নেতারা। সেই ‘পরিবর্তন যাত্রা’-র সমাপ্তি অনুষ্ঠানে শনিবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সভায় যোগ দিতে এ দিন সকাল থেকেই ব্রিগেডের মঞ্চের দিকে রওনা দিয়েছেন BJP-র কর্মী-সমর্থকরা। সকাল থেকেই বাস, ছোট গাড়ি, ট্রাক কিংবা ট্রেনে চড়ে কলকাতায় আসছেন রাজ্যের নানা প্রান্তের মানুষ। কিন্তু ব্রিগেডে না গিয়েও ভার্চুয়ালি কোথায় দেখতে পাবেন এই সভা?
ব্রিগেডে মোদীর সমাবেশের জন্য তৈরি করা হয়েছে ৮০ ফুট চওড়া একটি মঞ্চ। সেই মঞ্চে থাকবে দক্ষিণেশ্বর মন্দিরের বিশালাকার ছবি। সঙ্গে থাকছে দার্জিলিঙের চা বাগান, বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ছবিও। সাম্প্রতিক সময়ে BJP নেতাদের ভাষণে কখনও দুর্গা আবার কখনও কালীর নাম শোনা গিয়েছে। BJP-র নতুন রাজ্য সভাপতি হওয়ার পরে শমীক ভট্টাচার্যের সভামঞ্চেও দেখা গিয়েছিল কালীঘাটের ছবি। সেই ট্র্যাডিশনই এ বার প্রধানমন্ত্রীর সভায়।
শনিবার দুপুর ১ টা ২০ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে দুপুর ১ টা ৪৫-এ রেস কোর্সের হেলিপ্যাডে নামার কথা তাঁর। সেখান থেকেই প্রধানমন্ত্রী যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক সভামঞ্চে। দুপুর ২ টা ৪৫-এ সভামঞ্চ থেকে ভাষণ দেবেন তিনি।