এই সময়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর (South Dianjpur) জেলা বিজেপির (BJP) সভাপতির পদ থেকে সরে গেলেন স্বরূপ চৌধুরী। শুক্রবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। কী কারণে পদ ছাড়লেন, তা স্পষ্টভাবে জানাননি তিনি। ২০২১-এর ২৫ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতির পদে বসেন স্বরূপ। এর আগে তিনি দলের জেলা সাধারণ সম্পাদক, যুব মোর্চার জেলা সভাপতি, পঞ্চায়েত সদস্যর দায়িত্ব সামলেছেন। ২০২১-এর পরে ২০২৪-এও তিনি জেলা সভাপতির দায়িত্ব পান। ভোটের আগে হঠাৎ তাঁর এই পদত্যাগ, জল্পনা উস্কে দিয়েছে।
সূত্রের খবর, কুমারগঞ্জ বা বালুরঘাট আসনে তাঁর প্রার্থী হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার তিনি জানতে পারেন, তাঁকে প্রার্থী করা হচ্ছে না। তার পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন- 'ভালো সবার, খারাপ শুধু আমার'। বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। সমস্যা মেটাতে মাঠে নামেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তারপরেও স্বরূপ নিজের দাবিতে অনড় থাকেন। সুকান্ত বলেন, 'এটা কোনও বড় ব্যাপার নয়। এক দু'দিনের মধ্যে সমস্যা মিটে যাবে।'